রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট […]
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মেজর (অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেজর (অব.) মোজাফফর হোসেনের নাম দীর্ঘদিন ধরে আলোচিত ছিল।
মামলাসংক্রান্ত নথি ও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন সরাসরি অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করার পর মেজর মোজাফফর হোসেনই প্রথম গুলি চালান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তিনি চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঞ্জুর নিহত হন। একই মামলায় ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস. এম. খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, পালিয়ে যাওয়ার পর মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সালের মধ্যে তিনি সেখানে অবস্থান করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রমসহ বিভিন্ন স্থানে গোপনে চলাচল করতেন বলেও তদন্তকারীরা জানিয়েছেন।
দীর্ঘ চার দশকের বেশি সময় পলাতক থাকার পর তাকে গ্রেপ্তারের মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে নতুন অগ্রগতি এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
বর্তমানে সেনাবাহিনীর নিজস্ব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।