সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০২ অপরাহ্ন, ৩ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল, সংসদে তর্ক-বিতর্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে। তবে বিলটি নিয়ে অধিবেশনেই দেখা দিয়েছে মতবিরোধ ও তর্ক-বিতর্ক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬’ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল, সংসদে তর্ক-বিতর্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছে। তবে বিলটি নিয়ে অধিবেশনেই দেখা দিয়েছে মতবিরোধ ও তর্ক-বিতর্ক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল-২০২৬’ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিলটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে চার কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জবাবদিহিমূলক বিশেষ ইউনিট প্রয়োজন। জরুরি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর সহায়তা দেওয়াও নতুন ইউনিট গঠনের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, র‌্যাব বিলুপ্ত হলে বাহিনীটির জনবল, স্থাবর-অস্থাবর সম্পদ, বাজেট, ব্যাংক আমানত, চুক্তি, দায় ও নথিপত্র এসআরবির কাছে হস্তান্তর করা হবে। নতুন সাংগঠনিক বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত ২০০৫ সালের শৃঙ্খলা ও বিচারসংক্রান্ত বিধিমালা কার্যকর থাকবে।

নতুন ইউনিটটির নেতৃত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তা। এসআরবির জন্য আলাদা পোশাক, পতাকা ও প্রতীক রাখার প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত আইনে অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার এবং মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। ইউনিটটির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদকক্ষ থাকবে। একই সঙ্গে সদস্য ও সাধারণ নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির জন্য একটি স্বাধীন বহুপক্ষীয় কমিটি গঠনের বিধানও রাখা হয়েছে।

বিল নিয়ে সংসদে আপত্তি

বিল উত্থাপনের পর এর বিরোধিতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের মতো অভিযোগের কারণে র‌্যাব দেশ-বিদেশে দীর্ঘদিন ধরে সমালোচিত। তার অভিযোগ, রাজনৈতিকভাবে র‌্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি থাকলেও সেটিকে পুরোপুরি বিলুপ্ত না করে নতুন নামে আবারও প্রতিষ্ঠা করা হচ্ছে।

নাহিদ ইসলাম এ বিষয়ে সংসদে আরও বিস্তারিত পর্যালোচনার দাবি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকার সময় এ ধরনের প্রস্তাব দিলে তা তখনই আলোচনায় আসতে পারত। তিনি পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিতর্কিত ভূমিকার উদাহরণ টেনে প্রশ্ন করেন, কোনো কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে কি পুরো পুলিশ বাহিনী বিলুপ্ত করে দিতে হবে?

মন্ত্রী জানান, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় রেখে নতুন ইউনিটে কঠোর অভ্যন্তরীণ নজরদারি এবং জবাবদিহির ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, র‌্যাব বিলুপ্ত করার সিদ্ধান্তকে বিরোধী দল সমর্থন করে। তবে নতুন কোনো বাহিনী বা সংস্থা গঠনের আগে জাতীয় পর্যায়ে আরও বিস্তৃত ও সমন্বিতভাবে বিষয়টি বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

এপিবিএনের জন্যও নতুন বিল

একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল-২০২৬’ও সংসদে উত্থাপন করেন। এতে এপিবিএনকে ফৌজদারি অপরাধ সরাসরি তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত আইনে বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও আচরণবিধি আরও কঠোর করার কথা বলা হয়েছে। পেশাগত উন্নয়ন বা সংশ্লিষ্ট কার্যক্রম ছাড়া সদস্যরা অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন না। এছাড়া অনুমোদন ছাড়া কোনো তথ্য বা নথি গণমাধ্যমে প্রকাশ বা প্রকাশে সহায়তা করার ওপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধনের মাধ্যমে র‌্যাব গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি ওই আইনি কাঠামোর অধীনেই পরিচালিত হয়ে আসছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ