লিবিয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২২ এপ্রিল) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। জানা গেছে, ত্রিপোলি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে অন্তত ২৭ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার মধ্যে […]
ছবি: সংগৃহীত
লিবিয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২২ এপ্রিল) তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।
জানা গেছে, ত্রিপোলি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তাদের মধ্যে অন্তত ২৭ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রত্যাবাসিতদের লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ উপলক্ষে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদায় জানান। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) প্রকৌশলী মো. আমিনুর রহমান ও প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন।
বিদায়ের আগে রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন। তিনি জানান, লিবিয়ায় বিপদগ্রস্ত ও পাচারের শিকার বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
এ ছাড়া বহির্গমন ভিসা প্রক্রিয়া সহজ করা এবং প্রয়োজনীয় ফ্লাইট নিশ্চিত করতে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, যারা দালালচক্রের মাধ্যমে প্রতারিত হয়েছেন, তারা দেশে ফিরে যেন এসব চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন—এতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা কমানো সম্ভব হবে।