কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ যখন আরও তীব্র হচ্ছে, তখন লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় হ্রদটির নাম ‘লেক আমেরিকা’ হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই […]
ছবি: সংগৃহীত
কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিরোধ যখন আরও তীব্র হচ্ছে, তখন লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
নতুন আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় হ্রদটির নাম ‘লেক আমেরিকা’ হিসেবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কানাডার ওপর কার্যকর করার ক্ষমতা নেই। ফলে কানাডা চাইলে আগের নাম ‘লেক অন্টারিও’ ব্যবহার চালিয়ে যেতে পারবে।
নাম পরিবর্তনের ঘোষণার সময় ট্রাম্পের পেছনে গ্রেট লেকস অঞ্চলের একটি মানচিত্র রাখা ছিল। সেখানে লেক অন্টারিওর ওপর বড় অক্ষরে ‘লেক আমেরিকা’ লেখা দেখা যায়।
কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেশটির সঙ্গে বাণিজ্য পরিচালনা করা অত্যন্ত কঠিন। তাঁর দাবি, কানাডা নিজেদের বিশেষ সুবিধাপ্রাপ্ত মনে করে, যা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারে না।
লেক অন্টারিওর নাম পরিবর্তনের প্রসঙ্গটি ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে সামনে আনেন। এর মধ্যেই কানাডার ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই কানাডার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। এমনকি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইচ্ছার কথাও তিনি একাধিকবার জানিয়েছেন।
লেক অন্টারিও যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে বিস্তৃত। এর দক্ষিণ তীরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং উত্তর তীরে কানাডার অন্টারিও প্রদেশ অবস্থিত। হ্রদটি নিউইয়র্কের বিস্তীর্ণ এলাকার উপকূল গঠন করেছে এবং যুক্তরাষ্ট্রের বাফেলো শহরকে কানাডার টরন্টো থেকে পৃথক করেছে।
কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও। একই সঙ্গে এক ডজনেরও বেশি মার্কিন অঙ্গরাজ্যের পণ্যের অন্যতম বড় রপ্তানি বাজারও এই প্রদেশ।
লেক অন্টারিও নামটি ইউরোপীয় বসতি স্থাপনেরও আগের বলে জানা যায়। হুরন আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত একটি শব্দ থেকে এ নামের উৎপত্তি, যার অর্থ উজ্জ্বল পানির হ্রদ। পরবর্তীতে ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত কানাডার অন্টারিও প্রদেশের নামও এই হ্রদের নাম থেকে নেওয়া হয়।
বিশ্বের বিভিন্ন সমুদ্র, মহাসাগর ও নৌপথের নাম ও মানচিত্র তৈরিতে আন্তর্জাতিক জল জরিপ সংস্থাগুলো কাজ করলেও আন্তর্জাতিক জলভাগের নাম নির্ধারণের জন্য বিশ্বব্যাপী একক কোনো কর্তৃপক্ষ নেই। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয়ই সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সদস্য।
তাই যুক্তরাষ্ট্রের সরকারি নথিতে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করা হলেও কানাডার একই নাম গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা নেই। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে।