জুলাই জাতীয় সনদে আনুষ্ঠানিক স্বাক্ষরের চার মাস পর শর্তসাপেক্ষে এতে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এনসিপির পক্ষে এই সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। […]
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদে আনুষ্ঠানিক স্বাক্ষরের চার মাস পর শর্তসাপেক্ষে এতে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এনসিপির পক্ষে এই সনদে স্বাক্ষর করেন।
স্বাক্ষর শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আহ্বানে তারা শর্তসাপেক্ষেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন।
আখতার হোসেন বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় উপস্থিত হয়ে সনদে স্বাক্ষর করে। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই স্বাক্ষর নির্দিষ্ট শর্তের ভিত্তিতেই দেওয়া হয়েছে।
তিনি জানান, এনসিপির শর্ত হলো—নোট অব ডিসেন্ট ছাড়া গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণ সাপেক্ষেই দলটির আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে তারা সনদে স্বাক্ষর করেছেন।
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে আখতার হোসেন বলেন, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির প্রত্যাশা এবং দাবি হলো—কোনো ধরনের ব্যত্যয় ছাড়াই প্রথমে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করানো হবে। এরপর জাতীয় সংসদের সদস্য হিসেবে নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নেবেন।