বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তাঁর ব্যক্তিগত ধারণা, হাসিনার রাজনীতির সময় শেষ হয়েছে। তবে রাজনৈতিক আলোচনায় তাঁর উপস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনার বিষয়টিকে পররাষ্ট্রনীতির প্রধান বাধা হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তাঁর ব্যক্তিগত ধারণা, হাসিনার রাজনীতির সময় শেষ হয়েছে। তবে রাজনৈতিক আলোচনায় তাঁর উপস্থিতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনার বিষয়টিকে পররাষ্ট্রনীতির প্রধান বাধা হতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মোজেনা। সেখানে তিনি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, ভারতে তাঁর অবস্থান এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে সরাসরি মন্তব্য করতে চাননি মোজেনা। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর ভূমিকা নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন।
পরে সাক্ষাৎকারগ্রহীতা আওয়ামী লীগের ভবিষ্যৎ নয়, শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে মোজেনা বলেন, ‘এ বিষয়ে নিশ্চিত করে বলা কঠিন। তবে আমার ব্যক্তিগত ধারণা, তাঁর সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে।’
তবে এর অর্থ এই নয় যে শেখ হাসিনার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না বলে মনে করেন তিনি। মোজেনার ভাষায়, রাজনৈতিক আলোচনায় তাঁর উপস্থিতি থাকতে পারে, কিন্তু রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পদে আবারও বসার সম্ভাবনা তিনি দেখছেন না।
এ সময় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় ছিল দলটি।
শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মোজেনা। তিনি বলেন, ভারত কী করবে বা করা উচিত, সে বিষয়ে তাঁর বিশেষ কোনো ধারণা নেই। বিষয়টি নিয়ে তিনি আলোচনায় যেতে চান না।
বরং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। মোজেনা বলেন, শেখ হাসিনা এখন আর কোনো কিছুর প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লির কোথাও অবস্থান করছেন, নিজের মতো কাজ করছেন এবং বিভিন্ন লেখা লিখছেন। তাঁকে নিয়ে ব্যস্ত না থেকে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।
মোজেনার মতে, শেখ হাসিনার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয়। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে পররাষ্ট্রনীতি জিম্মি করতে দেওয়া যাবে না। তাঁর ভাষায়, ‘শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণই সবার আগে।’
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোজেনা। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে অনেক মানুষ গভীর ক্ষোভ ও দুর্ভোগের শিকার হয়েছেন। তাঁর সরকারের হাতে অনেক মানুষ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন, যা সহজে ভুলে যাওয়ার মতো নয়।
তবে এসব ক্ষোভের কারণে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করা উচিত নয় বলে মনে করেন তিনি। মোজেনা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। এ জন্য ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, এসব সমস্যা থেকেই যাবে। তাই সেগুলো মোকাবিলায় যোগাযোগ ও আলোচনার পথ খুঁজে বের করতে হবে।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনার দিল্লিতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে। তাঁকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দেশে ফেরার বিষয়ে তাঁর বিভিন্ন বক্তব্যও দুই দেশের সম্পর্কে অনিশ্চয়তা বাড়িয়েছে।
ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বাধা হয়ে উঠেছেন কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, ‘হ্যাঁ, স্বাভাবিকভাবেই তাই হওয়ার কথা।’
শেখ হাসিনার সরকারের পুরো সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করায় তাঁর শাসনপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা রয়েছে বলেও জানান মোজেনা। তিনি বলেন, বাংলাদেশে তাঁর কাটানো পুরো সময়ই ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে। তাই তাঁর শাসনপদ্ধতি এবং সেই শাসনামলে তৈরি হওয়া ক্ষতি ও তিক্ততা সম্পর্কে তিনি অবগত।
তবে এসব অভিজ্ঞতা ও ক্ষোভকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই মার্কিন কূটনীতিক।
সূত্র: ডেইলি ওয়াদা