সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:৩৩ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয়: তনি

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মতামত নয় এবং স্মারকলিপির ভাষ্যও তিনি প্রস্তুত করেননি। রোববার (২২ ফেব্রুয়ারি) এক লিখিত বিবৃতিতে তনি বলেন, সিসিএস-এর আহ্বায়ক নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে […]

সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য আমার নয়: তনি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মতামত নয় এবং স্মারকলিপির ভাষ্যও তিনি প্রস্তুত করেননি।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক লিখিত বিবৃতিতে তনি বলেন, সিসিএস-এর আহ্বায়ক নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় তার অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপির ভিত্তিতে তিনি কেবল বক্তব্যটি পাঠ করেন।

তনি স্পষ্ট করে বলেন, স্মারকলিপিটি পুরোপুরি নীলা ইসরাফিল ও সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে। তিনি এর প্রণেতা নন এবং ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেননি।

তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল সংগঠনের পক্ষে নির্ধারিত একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন, ব্যক্তিগত মত প্রকাশ নয়।

সংবাদ সম্মেলনের পর থেকেই তিনি ও তার পরিবার নানামুখী হয়রানি ও হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন তনি। তিনি জানান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে।

তার দাবি, সংগঠিতভাবে অনলাইন বুলিং, ট্রলিং এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে ফেলেছে।

এ অবস্থায় যারা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোকারীদের বিরুদ্ধেও প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংগঠিত অনলাইন হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সাইবার আইনসহ সংশ্লিষ্ট সব আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

তনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু প্রাণনাশের হুমকি, মানহানি ও ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসিএস-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপিটি পাঠ করেন তনি। তখন তাকে সংগঠনটির সদস্যসচিব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিলের নাম উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য তুলে ধরে বলা হয়, নারীদের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান না হওয়ার যে অবস্থান দলটি নিয়েছে, তা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী।

এতে আরও বলা হয়, আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নিলে তাদের নিবন্ধন বাতিলযোগ্য। নারীর সাংবিধানিক অধিকার খর্ব করা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি চরম অসাংবিধানিক দৃষ্টিভঙ্গি।

স্মারকলিপিতে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা, অবমাননাকর বক্তব্যের জন্য সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ