দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার, মর্যাদা এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সাধারণ মানুষের জন্য রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা সমভাবে নিশ্চিত হওয়ার আগে তিনি ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং ভিআইপি সংস্কৃতির […]
ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার, মর্যাদা এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, সাধারণ মানুষের জন্য রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা সমভাবে নিশ্চিত হওয়ার আগে তিনি ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং ভিআইপি সংস্কৃতির অংশও হবেন না।
যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার লন্ডনের হোয়াইটচ্যাপেলের মাইদা ব্যাংকুয়েটিং হলে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে হাসনাত আব্দুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, রাজনৈতিক কর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তর ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশ-বিদেশে থাকা নাগরিক, তরুণ সমাজ, বুদ্ধিজীবী এবং গণতন্ত্রকামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সেবার সমবণ্টন নিশ্চিত করাই বর্তমান রাজনৈতিক সংগ্রামের প্রধান লক্ষ্য। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন সমান মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানের আগে কিছু ব্যক্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আয়োজকদের স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর এবং সদস্য সচিব এম এ হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং ইউরোপে জামায়াতে ইসলামীর মুখপাত্র আবুবকর মোল্লাসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের চলমান গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়ায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।