দেশে সাম্প্রতিক নাশকতা, গুপ্ত হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য ও সরকারের সুস্পষ্ট পদক্ষেপ দাবি করেন নাহিদ। মঙ্গলবার (১০ […]
ছবি: সংগৃহীত
দেশে সাম্প্রতিক নাশকতা, গুপ্ত হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্য ও সরকারের সুস্পষ্ট পদক্ষেপ দাবি করেন নাহিদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
সংসদে নাহিদ ইসলাম বলেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। তাঁর অভিযোগ, পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং এসব ঘটনায় প্রাণহানিও ঘটেছে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগের বিষয়।
আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, তা গত সাত মাস ধরেই স্পষ্ট। সংশ্লিষ্ট মন্ত্রীকে সংবিধান সংশোধনের বিষয়ে যতটা তৎপর দেখা যায়, দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা সক্রিয় দেখা যায় না।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি পালন করে নির্বিঘ্নে বিদেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
সংসদের প্রশ্নোত্তর পর্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় ধরে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হলেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।