সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:০২ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালকে কেন্দ্র করে টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর সোমবার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব-২, ৪ ও ৬–এর যৌথ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদা […]

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালকে কেন্দ্র করে টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর সোমবার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব-২, ৪ ও ৬–এর যৌথ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্টের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান এবং রুবেল। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছিল। দাবি পূরণ না হলে বিভিন্নভাবে চাপ, হুমকি এবং লোকজন জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়।

মামলার এজাহারে হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত মঈন ও তার সহযোগীরা ৫ লাখ টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে বাসার সামনে গিয়ে দরজা খুলতে বলা, পরিবারের সদস্যদের হুমকি দেওয়া এবং পরে হাসপাতালের সামনে ৫০ থেকে ৬০ জন জড়ো করে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ উঠেছে। এতে জরুরি বিভাগসহ হাসপাতালের স্বাভাবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

এজাহারে আরও বলা হয়েছে, হাসপাতাল মালিককে উদ্দেশ করে হুমকিমূলক স্লোগান দেওয়া হয় এবং ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলে। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে র‍্যাব দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ঘটনার পর যুবদলের শীর্ষ নেতারাও হাসপাতালে গিয়ে অধ্যাপক কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি সরাসরি তার সঙ্গে খুব বেশি কথা না বললেও স্টাফদের ভয়ভীতি দেখিয়ে নিজের লোকজনকে চাকরি দেওয়ার চাপ সৃষ্টি করছিল। পরে হঠাৎ করে হাসপাতালের এক স্টাফের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলে সেই টাকা হাসপাতাল থেকে পরিশোধের দাবি জানানো হয়। তিনি বলেন, বড় দলবল নিয়ে এসে ভয় দেখানোর কারণে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি তাদের সংগঠনের সক্রিয় কেউ নন; বরং সংগঠনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তিনি বলেন, এ ধরনের ঘটনায় তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ও আইনগত—দুই ধরনের ব্যবস্থাই নেওয়া হবে।

পুরো ঘটনায় হাসপাতাল এলাকা ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চাঁদাবাজি, প্রভাব খাটানো এবং জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ