যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলের দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নিম্ন আদালতের রায় বহাল থাকছে। সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি, যেখানে তিনি ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলের দায়ের করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নিম্ন আদালতের রায় বহাল থাকছে।
সোমবার সুপ্রিম কোর্ট ট্রাম্পের সেই আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি, যেখানে তিনি ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায় বাতিলের চেষ্টা করেছিলেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিপূরণ সংক্রান্ত রায় কার্যকর থাকবে এবং ক্যারল তার প্রাপ্য অর্থ পাওয়ার পথে আরও এগিয়ে গেলেন।
ই. জিন ক্যারল প্রথমে ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ২০২২ সালে নিউইয়র্কে কার্যকর হওয়া একটি নতুন আইনের আওতায় তিনি যৌন নিপীড়নের অভিযোগেও দেওয়ানি মামলা করেন। ওই আইন অতীতের ঘটনাগুলোর ক্ষেত্রেও ভুক্তভোগীদের মামলা করার সুযোগ দেয়।
আইনি প্রক্রিয়ার কারণে ২০২২ সালের মামলার বিচার আগে শুরু হয়। ওই মামলায় জুরি বোর্ড ট্রাম্পকে দায়ী সাব্যস্ত করে এবং ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
পরবর্তীতে ২০১৯ সালের মানহানির মামলার রায়েও ট্রাম্পের বিরুদ্ধে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। সুদ যুক্ত হলে ক্যারলের পাওনা মোট অর্থ ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মামলায় ক্যারলের অভিযোগ ছিল, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেন। পরবর্তীতে তিনি বিষয়টি প্রকাশ্যে আনলে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে তার মানহানি করেন বলেও দাবি করেন ক্যারল।
অন্যদিকে ট্রাম্প শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তার দাবি, মামলার বিচারক লুইস কাপলান বিচারপ্রক্রিয়ায় একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের আইনজীবীদের মতে, অতীতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা আরও দুই নারীর সাক্ষ্য এবং ২০০৫ সালের বহুল আলোচিত ‘অ্যাকসেস হলিউড’ অডিওকে প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত হয়নি।
তবে গত বছর দ্বিতীয় সার্কিট কোর্ট অব আপিলস নিম্ন আদালতের রায় বহাল রেখে জানায়, বিচারপ্রক্রিয়ায় এমন কোনো ত্রুটি পাওয়া যায়নি যা নতুন করে বিচার আয়োজনের প্রয়োজন তৈরি করে।
পূর্ণ বেঞ্চে পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে গেলে ট্রাম্প শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে তার আইনজীবীরা যুক্তি দেন, দায়িত্বে থাকা একজন প্রেসিডেন্টকে পুরোনো অভিযোগের মামলায় ব্যস্ত রাখা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে ক্যারলের আইনজীবীরা বলেন, জুরি পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ এবং উপস্থাপিত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত দিয়েছেন।
২০২৩ সালে জুরির রায়ের পর ট্রাম্প আদালতের নিয়ন্ত্রিত একটি হিসাবে ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার জমা রেখেছিলেন। ফলে সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তের পর ক্যারল তুলনামূলক দ্রুত ওই অর্থ পাওয়ার সুযোগ পেতে পারেন।
এদিকে ৮৩ মিলিয়ন ডলারের পৃথক ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে এখনও সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। জানা গেছে, ট্রাম্পের আইনজীবীরা শিগগিরই সেই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারেন।
সূত্র: সিএনএন