সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
২:২৭ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে নবজাতকদের জন্য আসছে ‘ফ্রিডম ২৫০’ সোশ্যাল সিকিউরিটি কার্ড

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)। এ উপলক্ষে ২০২৬ সালের ২ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নবজাতকদের জন্য বিশেষ স্মারক সংস্করণের সোশ্যাল সিকিউরিটি কার্ড ইস্যুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। সীমিত সংস্করণের এই বিশেষ কার্ডগুলোতে যুক্ত থাকবে ‘ফ্রিডম ২৫০’ লোগো, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশ […]

স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে নবজাতকদের জন্য আসছে ‘ফ্রিডম ২৫০’ সোশ্যাল সিকিউরিটি কার্ড

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ)। এ উপলক্ষে ২০২৬ সালের ২ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নবজাতকদের জন্য বিশেষ স্মারক সংস্করণের সোশ্যাল সিকিউরিটি কার্ড ইস্যুর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সীমিত সংস্করণের এই বিশেষ কার্ডগুলোতে যুক্ত থাকবে ‘ফ্রিডম ২৫০’ লোগো, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে নকশাগত এই পরিবর্তন ছাড়া কার্ডগুলোর কার্যকারিতা, আইনি বৈধতা এবং ব্যবহারিক সুবিধা প্রচলিত সোশ্যাল সিকিউরিটি কার্ডের মতোই থাকবে।

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, কার্ডগুলো ‘এনুমারেশন অ্যাট বার্থ’ (ইএবি) কর্মসূচির আওতায় স্বয়ংক্রিয়ভাবে প্রদান করা হবে। অর্থাৎ হাসপাতাল, বার্থিং সেন্টার অথবা লাইসেন্সধারী মিডওয়াইফের মাধ্যমে জন্ম নিবন্ধনের সময়ই অভিভাবকরা নবজাতকের সোশ্যাল সিকিউরিটি নম্বরের জন্য আবেদন করতে পারবেন এবং যোগ্য শিশুদের জন্য বিশেষ এই কার্ড ইস্যু করা হবে।

এসএসএ কমিশনার ফ্র্যাঙ্ক জে. বিসিগন্যানো বলেন, ‘ফ্রিডম ২৫০ যুক্তরাষ্ট্রের সমৃদ্ধ ইতিহাস এবং জাতি গঠনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উদযাপন। ৯০ বছরেরও বেশি সময় ধরে সোশ্যাল সিকিউরিটি কর্মসূচি আমেরিকানদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। এই ঐতিহাসিক বছরে জন্ম নেওয়া নতুন প্রজন্মের নাগরিকরা বিশেষ এই স্মারক কার্ডের মাধ্যমে সেই ইতিহাসের অংশ হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এসএসএ জানিয়েছে, এই স্মারক কার্ড ইস্যুর জন্য পরিবার কিংবা করদাতাদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। জন্ম নিবন্ধনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এটি প্রদান করা হবে এবং এ জন্য আলাদা কোনো আবেদন বা নিবন্ধনের প্রয়োজন হবে না।

তবে সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, ‘ফ্রিডম ২৫০’ লোগোযুক্ত এই কার্ড কেবলমাত্র ২০২৬ সালের ২ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুদের প্রথম সোশ্যাল সিকিউরিটি কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পরবর্তীতে হারিয়ে যাওয়া কার্ডের পরিবর্তে রিপ্লেসমেন্ট বা ডুপ্লিকেট কার্ড ইস্যু করা হলে সেখানে আর এই বিশেষ লোগো ব্যবহার করা হবে না। একইভাবে নির্ধারিত সময়সীমার বাইরে জন্ম নেওয়া শিশুদের জন্যও প্রচলিত কার্ডই দেওয়া হবে।

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রতারণার বিষয়ে অভিভাবকদের সতর্কও করেছে। সংস্থাটি জানিয়েছে, এই কার্ড পাওয়ার জন্য কখনোই ফোন, টেক্সট বার্তা বা ই-মেইলের মাধ্যমে অর্থ দাবি করা হবে না। পাশাপাশি স্ট্যান্ডার্ড জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় যে তথ্য নেওয়া হয়, তার বাইরে অতিরিক্ত কোনো তথ্যও চাওয়া হবে না।

এসএসএর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি এই বিশেষ কার্ডের নামে অর্থ দাবি করে কিংবা ব্যক্তিগত তথ্য জানতে চায়, তাহলে সেটিকে প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে চালু হওয়া এই বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড ভবিষ্যতে ঐতিহাসিক ও সংগ্রহযোগ্য নথি হিসেবেও গুরুত্ব পেতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য সীমিত সংস্করণের স্মারক সোশ্যাল সিকিউরিটি কার্ড ইস্যু করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ