বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। এর আগে যুবদল নেতা আরিফ হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো […]
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এর আগে যুবদল নেতা আরিফ হত্যা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। গত ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে আটক করা হয়। পরদিন রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা আরিফ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান গত ১৭ মার্চ নতুন বাজার এলাকায় সজিব খানকে হত্যাচেষ্টা মামলায় বিথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করা হয়। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারার নতুন বাজার ব্রিজের নিচে সজিব খান মিছিলে অংশ নেন। অভিযোগ রয়েছে, এ সময় ১৫০ থেকে ২০০ জন সশস্ত্র হামলাকারী লাঠি, লোহার রড, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া গুলি, ককটেল, হাতবোমা ও পেট্রোলবোমায় বহু মানুষ হতাহত হন।
এ ঘটনায় সজিব খান নিজেও গুলিবিদ্ধ হন। অভিযোগ অনুযায়ী, তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হলে তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
ঘটনার পর গত বছরের ১৪ মার্চ রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন সজিব খান।