শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে ১৫ দিনের আলটিমেটাম ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ছয় দফা দাবি তুলে ধরে সংগঠনটি এই সময়সীমা বেঁধে দিয়েছে। রোববার রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার আসামিদের রিমান্ড শেষে পুনরায় […]
ছবি: সংগৃহীত
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিতে ১৫ দিনের আলটিমেটাম ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ছয় দফা দাবি তুলে ধরে সংগঠনটি এই সময়সীমা বেঁধে দিয়েছে।
রোববার রাতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার আসামিদের রিমান্ড শেষে পুনরায় হেফাজতে পাঠানোর পরও বাংলাদেশ সরকারের নীরবতা উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুরুতে আসামিদের গ্রেপ্তারকে সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে— দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদার করে ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনা, ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, এবং সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে কারা সহায়তা করেছে তা উদঘাটন করা।
এছাড়া, ভারতে চলমান আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত না করতে বিশেষ আইনি সেল গঠনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই হত্যার বিচার প্রকাশ্যভাবে পরিচালনার দাবি তুলেছে সংগঠনটি।
নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ।