ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। শনিবার রাতেও সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে শাহবাগে সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হাদি চত্বরে অবস্থান […]
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। শনিবার রাতেও সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে শাহবাগে সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছেন। বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি চলবে। ওই ঘোষণার পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকেই আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে রাত যাপন শুরু করেন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং সারারাত ধরে কর্মসূচি চলতে থাকে। শনিবার দিনভরও অবরোধ অব্যাহত ছিল।
অবরোধ চলাকালে বারডেম হাসপাতালের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। এছাড়া শনিবার বিকেল থেকে জাতীয় জাদুঘরের পাশের সড়কে সীমিত আকারে যানবাহন চলতে দেখা গেছে।
এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে ঘিরে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ত্যাগ করে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে শহীদ হাদি চত্বরে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।