জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিকে ঘিরে ফেনীতে একদিনে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সোনাগাজী উপজেলা ও ফেনী শহরে পৃথকভাবে এ ঘটনা ঘটে। উভয় স্থানেই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রথম ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শীরা জানান, […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিকে ঘিরে ফেনীতে একদিনে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সোনাগাজী উপজেলা ও ফেনী শহরে পৃথকভাবে এ ঘটনা ঘটে। উভয় স্থানেই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম ঘটনাটি ঘটে বিকাল ৫টার দিকে সোনাগাজী উপজেলা চত্বরে পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে আসন বিন্যাস ও কর্মসূচি পরিচালনা নিয়ে স্থানীয় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে মঞ্চে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।
পরে হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সংক্ষিপ্ত আলোচনা শেষে পদযাত্রা শুরু হয়।
এর আগে বিকালে হাসনাত আবদুল্লাহ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।
পদযাত্রা শেষে সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনী শহরে পৌঁছালে আবারও উত্তেজনা দেখা দেয়। সাংগঠনিক বিষয় এবং কেন্দ্রীয় নেতাদের ঘিরে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেটিও হাতাহাতিতে রূপ নেয়।
উপস্থিত নেতাকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
পদযাত্রার উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তবে একই দিনে দলের কর্মসূচিতে দুই দফা হাতাহাতির ঘটনায় এনসিপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।