সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো পিছিয়ে গেল। বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন […]
ছবি: সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো পিছিয়ে গেল।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
ঘটনার পর রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলাটির তদন্ত করে থানা-পুলিশ। পরে তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-কে। এরপর মামলাটি তদন্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
দীর্ঘ এক যুগেও তদন্ত শেষ না হওয়ায় গত বছরের নভেম্বরে মামলার তদন্তভার র্যাবের কাছ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়। র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়ে পিবিআই নতুন করে তদন্ত কার্যক্রম শুরু করে।
তবে তদন্তভার পরিবর্তনের পরও এখন পর্যন্ত আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। ফলে মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং বিচার কার্যক্রম শুরু করা যায়নি।
দেশের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বিচার নিশ্চিত করার দাবিতে সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে দ্রুত তদন্ত শেষ করার আহ্বান জানিয়ে আসছে।