রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। এতে বিশ্বকাপ অনুপস্থিতির ফলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আইসিসি–এর নিয়ম অনুযায়ী, ২০ […]
ছবি: সংগৃহীত
রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। এতে বিশ্বকাপ অনুপস্থিতির ফলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়া এবং ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সব শঙ্কার অবসান ঘটিয়ে ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
আইসিসি–এর নিয়ম অনুযায়ী, ২০ দল নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দল সরাসরি অংশগ্রহণের সুযোগ পায়। এর মধ্যে দুই আয়োজক দেশ এবং চলমান বিশ্বকাপের সুপার এইটে ওঠা দলগুলো স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নেয়। বাকি তিনটি স্থান পূরণ করা হয় আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
বুধবার কলম্বোয় নামিবিয়াকে হারিয়ে পাকিস্তান সুপার এইটে উঠলে ২০২৮ বিশ্বকাপের সরাসরি কোটা নির্ধারণের চিত্র স্পষ্ট হয়। সুপার এইটে জায়গা পাওয়া সাত দল— ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান— এবং দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিলিয়ে মোট ৯টি দল নিশ্চিত হয়।
বাকি তিনটি স্থানের জন্য আইসিসি নির্ধারিত র্যাঙ্কিং সময়সীমা ধরা হয়েছে আগামী ৯ মার্চ, চলমান বিশ্বকাপ ফাইনালের পরদিন পর্যন্ত। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, সুপার এইটের বাইরে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ নবম, আফগানিস্তান দশম এবং আয়ারল্যান্ড দ্বাদশ অবস্থানে রয়েছে।
৯ মার্চের আগে আন্তর্জাতিক সূচিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় এই তিন দলের র্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে র্যাঙ্কিং কোটায় বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণ কার্যত নিশ্চিত হয়ে গেছে।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা ১২ দল
আয়োজক: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
২০২৬ বিশ্বকাপ পারফরম্যান্সের ভিত্তিতে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে
আইসিসি র্যাঙ্কিং কোটায়: বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড
বাকি আটটি দল বিভিন্ন মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে বিশ্বকাপে জায়গা করে নেবে।
চলমান আসরে অংশ না নিয়েও র্যাঙ্কিংয়ে শক্ত অবস্থানের সুবাদে ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি বড় স্বস্তির খবর, একই সঙ্গে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের উপলক্ষ।