২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়নি। তবে দলের প্রগতিশীল শিবিরের সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ নিয়ে আগেভাগেই তৎপর হয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করে নির্বাচনে বামঘেঁষা প্রার্থীর সম্ভাবনা এবং প্রগতিশীলদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করছেন তিনি। নিজে […]
ছবি: সংগৃহীত
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়নি। তবে দলের প্রগতিশীল শিবিরের সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক সমীকরণ নিয়ে আগেভাগেই তৎপর হয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করে নির্বাচনে বামঘেঁষা প্রার্থীর সম্ভাবনা এবং প্রগতিশীলদের ঐক্যবদ্ধ করার বিষয়ে আলোচনা করছেন তিনি। নিজে প্রেসিডেন্ট হওয়ার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও ২০২৮ সালের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন মামদানি—চারটি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
৮ নভেম্বর প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রগতিশীলদের পাওয়া রাজনৈতিক সাফল্য ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁর আশঙ্কা, এখন থেকেই প্রস্তুতি না নিলে ২০২৮ সালের মনোনয়ন লড়াইয়ে মধ্যপন্থি কোনো প্রার্থী সহজেই এগিয়ে যেতে পারেন। সে পরিস্থিতিতে প্রগতিশীলদের পছন্দের প্রার্থীকে সামনে আনা কঠিন হয়ে পড়তে পারে।
তবে মামদানির এই তৎপরতা নিয়ে তাঁর নিজের কোনো প্রকাশ্য ঘোষণা নেই। অ্যাক্সিওসের প্রতিবেদনে তাঁর সঙ্গে আলোচনা করেছেন, এমন চারজনের বক্তব্যের ভিত্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের লেখক হলি ওটারবাইন।
কেন ২০২৮ সালের নির্বাচন নিয়ে আগাম তৎপরতা মামদানির?
মামদানির জন্ম উগান্ডায়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হয়। ফলে নিউইয়র্কের মেয়র নিজে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় প্রগতিশীলদের পক্ষে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে তাঁর।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, মামদানি ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনায় নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ওকাসিও-কর্টেজ তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শিবিরের পরিচিত মুখ।
ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়ালে দলটির বামপন্থি অংশের সামনে শক্তিশালী বিকল্প প্রার্থী খুঁজে পাওয়ার প্রশ্ন তৈরি হতে পারে। কারণ, প্রগতিশীলদের একটি অংশ মনে করছে, তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে বেশি ঝুঁকছেন। যদিও ওকাসিও-কর্টেজ নিজে দুই সম্ভাবনাই বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন।
মামদানির সঙ্গে কথা বলেছেন, এমন একজন সূত্রের ভাষ্য অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে কোনো মধ্যপন্থি প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীলদের দ্রুত ঐক্যবদ্ধ করতে চান মেয়র। ওই সূত্রের কথায়, প্রগতিশীল রাজনৈতিক বলয়কে দ্রুত, কৌশলগতভাবে ও কার্যকর উপায়ে সক্রিয় করার প্রস্তুতি নিতে চান তিনি।
এ ক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের উদাহরণও আলোচনায় এসেছে। সে সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে জো বাইডেনের পক্ষে সমর্থন একত্র করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এতে প্রগতিশীল প্রার্থী বার্নি স্যান্ডার্সের প্রচারাভিযান চাপে পড়ে। মামদানির ঘনিষ্ঠ সূত্রও ভবিষ্যতে প্রগতিশীলদের ঐক্যবদ্ধ করার প্রসঙ্গে সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন।
শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক
গত মাসে আন্তর্জাতিক ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) প্রেসিডেন্ট জিমি উইলিয়ামস জুনিয়রকে নিজের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে আমন্ত্রণ জানান মামদানি। সেখানে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাঁদের আলোচনা হয়।
অ্যাক্সিওসের সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কাকে পছন্দ করেন এবং তাঁর ইউনিয়ন কীভাবে কোনো প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নেয়, সে বিষয়ে উইলিয়ামসের কাছে জানতে চান মামদানি। এমনকি উইলিয়ামস নিজে কখনো নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভেবেছেন কি না, সেই প্রশ্নও করেন তিনি।
মামদানির সঙ্গে কথা বলেছেন, এমন একজন সূত্র জানিয়েছেন, চলতি বছর নিউইয়র্কে কয়েকজন বামঘেঁষা কংগ্রেস সদস্যকে নির্বাচনে প্রার্থী করা এবং তাঁদের জয়ী করতেও ভূমিকা রেখেছেন মেয়র।
এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর প্রেসিডেন্ট সারা নেলসনের সঙ্গেও সম্প্রতি ২০২৮ সালের নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন মামদানি। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) প্রেসিডেন্ট শন ফেইনের সঙ্গেও শিগগির বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর।
ওকাসিও-কর্টেজের সিদ্ধান্তে বদলে যেতে পারে সমীকরণ
২০২৮ সালের নির্বাচনে প্রগতিশীল শিবিরের শক্তিশালী কোনো প্রার্থী না থাকার আশঙ্কায় উদ্বিগ্ন দলটির বামপন্থি নেতাকর্মীদের অনেকে। তাঁদের ধারণা, ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচনের পরিবর্তে সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তাঁর ঘনিষ্ঠদের একাংশ আশা করছেন, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রগতিশীলদের সাফল্য তাঁকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করবে।
অন্যদিকে, গত সপ্তাহের দেশজুড়ে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন রাজনৈতিক অবস্থানের প্রার্থীরা জয় পেয়েছেন। ফলে নির্বাচনের ফলকে শুধু বামপন্থি প্রার্থীদের প্রতি জনসমর্থন বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। মধ্যপন্থি ডেমোক্র্যাটরাও এই ফলাফলকে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরতে পারেন।
আইইউপিএটির প্রেসিডেন্ট উইলিয়ামস অ্যাক্সিওসকে বলেছেন, নির্বাচনের বিভিন্ন পর্যায়ে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার বিষয়টি তিনি ‘পুরোপুরি সমর্থন’ করেন। মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী দুই ডেমোক্র্যাটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন আয়রনওয়ার্কারকে কংগ্রেসে এবং আইইউপিএটির একজন সদস্যকে সিনেটে পাঠানো হয়েছে। তবে নিজে কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নেই বলে জানিয়েছেন উইলিয়ামস।
মামদানি, ফেইন ও নেলসনের মুখপাত্ররা এ বিষয়ে অ্যাক্সিওসের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। গত মাসে রেডিও স্টেশন ডব্লিউএনওয়াইসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান কি না, এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, ‘আমি চাই, এওসি (ওকাসিও-কর্টেজ) যা করতে চান, তা-ই করুন।’ একই সঙ্গে তাঁকে নিজের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।
বিকল্প প্রার্থী হিসেবে আলোচনায় আবদুল এল-সাইয়েদ ও রো খান্না
ওকাসিও-কর্টেজের সিদ্ধান্ত অনিশ্চিত থাকায় প্রগতিশীলদের কেউ কেউ বিকল্প প্রার্থীর দিকেও নজর দিচ্ছেন। তাঁদের একাংশ আশা করছেন, মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করবেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্নার প্রতিও সমর্থন বাড়ছে। তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
২০২০ সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রচারাভিযানে সমর্থন দেওয়া এবং উদারপন্থি সাময়িকী ‘দ্য নেশন’-এর প্রেসিডেন্ট ভাস্কর সুনকারা গত গ্রীষ্মে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানান। সম্প্রতি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করার ধারণার পক্ষেও কথা বলেছেন তিনি।
সুনকারা অ্যাক্সিওসকে বলেন, ‘শ্রমজীবী মানুষ যখন নিজেদের এই লড়াইয়ের অংশ হিসেবে দেখতে পান, তখনই কেবল প্রগতিশীল ধারণাগুলো নির্বাচনে জয়ী হয়। একজন পেশাদার রাজনীতিকের পরিবর্তে একজন প্রকৃত শ্রমিককে প্রেসিডেন্ট প্রার্থী করার চেয়ে তা নিশ্চিত করার ভালো উপায় আর নেই।’
প্রগতিশীল রাজনীতিতে শ্রমিক নেতাদের প্রভাব
শন ফেইন, সারা নেলসন ও জিমি উইলিয়ামসকে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল শ্রমিক নেতাদের মধ্যে বিবেচনা করা হয়। বিলিয়নিয়ারদের বিরুদ্ধে সোচ্চার বক্তব্যের জন্য পরিচিত ফেইন। অন্যদিকে, নেলসন বার্নি স্যান্ডার্সের ‘ফাইটিং অলিগার্কি’ প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন।
২০২৫ সালে লেখা এক নিবন্ধে উইলিয়ামস বলেছিলেন, গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রথম দিকেই অবস্থান নেওয়া ইউনিয়নগুলোর একটি ছিল তাঁর সংগঠন। এ অবস্থানের জন্য তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।
এদিকে, ফেইনের ইউনিয়ন মিশিগানে আবদুল এল-সাইয়েদকে নির্বাচিত করতে সহায়তা করেছে। এ কারণে বামপন্থি কয়েকজন কর্মী তাঁকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করতে উৎসাহিত করছেন। তবে গত মাসে ডেট্রয়েট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফেইন জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
মামদানি নিজে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না পারলেও শ্রমিক সংগঠন ও প্রগতিশীল নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ২০২৮ সালের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন লড়াইয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে ওকাসিও-কর্টেজের সিদ্ধান্ত, বিকল্প প্রার্থীদের অবস্থান এবং মধ্যপন্থি ও প্রগতিশীলদের মধ্যে সমর্থনের ভারসাম্য—এসবের ওপরই নির্ভর করবে শেষ পর্যন্ত দলটির মনোনয়ন লড়াই কোন দিকে যায়।