ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ২৩৯টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এবার জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। অন্যদিকে দলটির […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ২৩৯টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এবার জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করবেন। অন্যদিকে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের পাশাপাশি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনেও প্রার্থী হচ্ছেন।
দলের অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দলের কারণে এবারের নির্বাচনে আলোচিত মুখ হিসেবে মূলত চেয়ারম্যান ও মহাসচিবই সামনে রয়েছেন। জাপার সাবেক মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা সম্প্রতি সমালোচিত কর্মকাণ্ডের পর দলে ফিরলেও তাকে রংপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়নি। পরিবর্তে তাকে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসন থেকে প্রার্থী করা হয়েছে।
কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে জাপার মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কারণ, কয়েক দিন আগে দলছুট নেতাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম দেখা যায়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সঙ্গে তার সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পনির উদ্দিন আহমেদ ফোন ধরেননি। তবে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, পনির উদ্দিন আহমেদ জাপার পক্ষ থেকেই মনোনয়নপত্র কিনেছেন এবং ভাইভা বোর্ডে অংশ নিয়েছেন। জেলা সভাপতি হিসেবে তিনি নিজের পাশাপাশি অন্যদের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। তাদের ধারণা, তিনি অন্য কোনো জোটের সঙ্গে যুক্ত নন।
এদিকে জাপার সাবেক প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। দলটি আশাবাদী, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। তা সম্ভব না হলে বিকল্প হিসেবে প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপসকে ওই আসনে প্রার্থী করা হবে।
জাপার সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিনকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রাণীশংকৈল) আসনে এবং শরিফুল ইসলাম জিন্নাহকে বগুড়া-২ আসনে প্রার্থী করা হয়েছে বলে জানা গেছে। তবে জিন্নাহর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় বিকল্প হিসেবে হুসাইন শরীফ সঞ্চয়ের নামও ওই আসনের তালিকায় রাখা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদের তার স্ত্রী শেরীফা কাদেরকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেওয়ায় দলীয় পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছিল। তখন অভিযোগ ওঠে, ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী না দেওয়ার প্রত্যাশা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তা বাস্তবায়িত না হওয়ায় জাপার শীর্ষ পর্যায়ে অস্বস্তি তৈরি হয়।
এদিকে এখনো যেসব আসনে জাপা প্রার্থী ঘোষণা করেনি, সেগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়-১ ও ২, নীলফামারী-২, জয়পুরহাট-১ ও ২, বগুড়া-১, ৫, ৬ ও ৭, চাঁপাইনবাবগঞ্জ-৩, রাজশাহী-১, ২, ৪ ও ৫, সিরাজগঞ্জ-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩ ও ৪, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-৩, বাগেরহাট-২ ও ৩, পটুয়াখালী-২, ৩ ও ৪, বরিশাল-১ ও ৬, পিরোজপুর-১, শেরপুর-৩, টাঙ্গাইল-৭, কিশোরগঞ্জ-৪, মানিকগঞ্জ-১, ঢাকা-১, ২ ও ১৩, নারায়ণগঞ্জ-১ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-২ ও ৩।
এ ছাড়া সুনামগঞ্জ-১, ২ ও ৩, হবিগঞ্জ-১, কুমিল্লা-৩, ৪, ৬, ৭, ১০ ও ১১, লক্ষ্মীপুর-৩, চট্টগ্রাম-২, ৩, ৪, ৫, ৬, ৮, ৯ ও ১৬ এবং কক্সবাজার-১ আসনেও এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি জাতীয় পার্টি।