সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:১০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬

২৫ বছর আগের আইন বাতিল, জাতীয় সংসদে পাস হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’। নতুন এই আইনের মাধ্যমে প্রায় ২৫ বছর আগে প্রণীত ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে আইন […]

২৫ বছর আগের আইন বাতিল, জাতীয় সংসদে পাস হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’। নতুন এই আইনের মাধ্যমে প্রায় ২৫ বছর আগে প্রণীত ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনের আওতায় বগুড়া জেলায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ নামে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি এবং চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা, গবেষণা এবং জ্ঞানচর্চার সুযোগ থাকবে।

আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ রাখা হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা এবং দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স পরিচালনা করা হবে।

এছাড়া প্রচলিত ক্যাম্পাসভিত্তিক শিক্ষার পাশাপাশি অনলাইন ও দূরশিক্ষণ (ডিস্ট্যান্স লার্নিং) ব্যবস্থাও চালুর সুযোগ রাখা হয়েছে, যাতে অধিকসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার আওতায় আসতে পারেন।

এর আগে গত ৭ জুলাই শিক্ষামন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটির সুপারিশ যুক্ত করার পর চূড়ান্তভাবে বিলটি সংসদে পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ সরকারি গেজেটে প্রকাশিত হলেও দীর্ঘ ২৫ বছরেও সেটি বাস্তবায়িত হয়নি।

বর্তমান সরকার নতুন প্রশাসনিক ও একাডেমিক পরিকল্পনার আলোকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বগুড়া অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা ও উদ্ভাবন জোরদার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

সরকারের মতে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বগুড়াসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ