সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৭:৩৭ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

৩৫ মিলিয়ন ডলারের রাজপ্রাসাদ কিনলেন মাত্র ১০ ডলারে, তোলপাড় নিউ জার্সি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রায় ৩৫.৫ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল প্রাসাদ মাত্র ১০ ডলারে মালিকানা বদলের ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, কাজাখস্তানের ব্যবসায়ী দানিয়ার কেসিকবায়েভ ২০২৫ সালের মার্চ মাসে নিউ জার্সির আলপাইন এলাকার অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত প্রাসাদটি নিজের নামে নিবন্ধন করেন। অস্বাভাবিক এই লেনদেন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে […]

৩৫ মিলিয়ন ডলারের রাজপ্রাসাদ কিনলেন মাত্র ১০ ডলারে, তোলপাড় নিউ জার্সি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রায় ৩৫.৫ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল প্রাসাদ মাত্র ১০ ডলারে মালিকানা বদলের ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, কাজাখস্তানের ব্যবসায়ী দানিয়ার কেসিকবায়েভ ২০২৫ সালের মার্চ মাসে নিউ জার্সির আলপাইন এলাকার অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত প্রাসাদটি নিজের নামে নিবন্ধন করেন। অস্বাভাবিক এই লেনদেন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে নানা বিতর্ক।

দানিয়ার কেসিকবায়েভ কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের পরিবারের সঙ্গে সম্পর্কিত। এছাড়া তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়ের স্বামী বলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউ জার্সির আলপাইনের ২ মার্গো ওয়ে-এ অবস্থিত প্রায় ১৭ হাজার ১৫০ বর্গফুটের এই প্রাসাদটি ৩.১ একর জমির ওপর নির্মিত। এতে রয়েছে ৯টি বেডরুম, ফুল-লেংথ বাস্কেটবল কোর্ট, বোলিং অ্যালি, ব্যক্তিগত হোম থিয়েটার, লাইব্রেরি, ওয়াইন সেলার এবং ইনডোর ও আউটডোর সুইমিং পুলসহ বিলাসবহুল জীবনযাপনের প্রায় সব ধরনের সুবিধা।

রেকর্ড অনুযায়ী, ২০১২ সালে এই বাড়িটি ২০ মিলিয়ন ডলারে কেসিকবায়েভের সঙ্গে সংশ্লিষ্ট একটি বেনামি কোম্পানির কাছে বিক্রি হয়েছিল। সে সময় এটি নিউ জার্সির ইতিহাসে অন্যতম ব্যয়বহুল আবাসিক সম্পত্তি বিক্রির রেকর্ড গড়েছিল। পরে ২০২৬ সালের কর মূল্যায়নে (ট্যাক্স অ্যাসেসমেন্ট) বাড়িটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৩৫.৫ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক এই মালিকানা পরিবর্তনকে ঘিরে মালয়েশিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুর এই সম্পত্তি লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন এবং পরে বাড়িটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

তবে রোসমাহ মানসুর এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন।

অন্যদিকে কেসিকবায়েভের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রাসাদটির মালিকানা এখনো তার কাছেই রয়েছে এবং এটি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়নি।

বহুমূল্যের সম্পত্তি নামমাত্র মূল্যে নিজের নামে নেওয়ার অভিযোগ কেসিকবায়েভের বিরুদ্ধে এই প্রথম নয়। এর আগে ২০০৮ সালে তার সৎবাবা বোলাট নজরবায়েভের অর্থে কেনা নিউইয়র্কের বিখ্যাত প্লাজা হোটেলের প্রায় ২০ মিলিয়ন ডলার মূল্যের একটি বিলাসবহুল কন্ডো মাত্র ১ ডলারে নিজের ও মায়ের নামে নিবন্ধন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে ২০১২ সালে বোলাট নজরবায়েভ ওই সম্পত্তি নিয়ে প্রায় ১০০ মিলিয়ন ডলারের মামলা দায়ের করেন। ২০১৪ সালে আদালতের বাইরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়। সে সময় বোলাট তার অন্যান্য সম্পত্তির অধিকার ফিরে পেলেও নিউ জার্সির এই প্রাসাদের দাবিটি আর তোলেননি।

সম্পত্তির নথিতে মাত্র ১০ ডলারে মালিকানা হস্তান্তরের বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ নাকি এর পেছনে অন্য কোনো আর্থিক বা পারিবারিক সমঝোতা রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ব্যতিক্রমী এই লেনদেন নিউ জার্সির বিলাসবহুল রিয়েল এস্টেট বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ