চট্টগ্রামে ইসলামী ব্যাংকের প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকার খেলাপি ঋণ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডের পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, ইসলামী […]
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকার খেলাপি ঋণ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডের পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখা হয়নি। এছাড়া আদালতের ডিক্রির পরও সংশ্লিষ্টদের নামে জব্দযোগ্য সম্পত্তির তথ্য পাওয়া যায়নি।
এ অবস্থায় ঋণের অর্থ আদায়ে বিকল্প ব্যবস্থা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী আদালতে দেওয়ানি কারাদণ্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।
পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলীসহ আরও কয়েকজন।
আদালতে ইসলামী ব্যাংকের পক্ষে আবেদন ও হলফনামা দাখিল করেন খাতুনগঞ্জ কর্পোরেট শাখার এক কর্মকর্তা। মামলাটি পরিচালনা করেন ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট রকিবুল আনোয়ার।
দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর আদালত এ আদেশ দিয়েছেন বলে জানা গেছে।