ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সেটি ফেরতের ঘোষণাকে ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন, ঈদে যাত্রীদের টিকিট সংগ্রহে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। তার অভিযোগ, এই সময়টাতে অব্যবস্থাপনা, […]
ছবি: সংগৃহীত
ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলে সেটি ফেরতের ঘোষণাকে ‘ধোঁকাবাজি’ হিসেবে উল্লেখ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন, ঈদে যাত্রীদের টিকিট সংগ্রহে নানা ভোগান্তির মুখে পড়তে হয়েছে। তার অভিযোগ, এই সময়টাতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার বিষয়ে সরকারের ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ার পর বাস্তবে কীভাবে সবার কাছে টাকা পৌঁছানো হবে—এ প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। তার মতে, এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচনের পর দেশকে স্থিতিশীল রাখতে বিরোধীরা পরিস্থিতি মেনে নিয়েছে। তবে সরকার যদি সুশাসনের পথে না ফেরে, তাহলে জনগণ কঠোর অবস্থান নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।
একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ইতিবাচক উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করবে, তবে জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।