সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১:০৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬

‘অননুমোদিত’ পতাকা বা স্লোগান উঠলেই ম্যাচ বন্ধের হুঁশিয়ারি ইরানের

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরান। স্টেডিয়ামে ‘অননুমোদিত’ পতাকা প্রদর্শন অথবা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে ফিফাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালে অনুমোদনহীন পতাকা প্রদর্শন বা […]

‘অননুমোদিত’ পতাকা বা স্লোগান উঠলেই ম্যাচ বন্ধের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইরান। স্টেডিয়ামে ‘অননুমোদিত’ পতাকা প্রদর্শন অথবা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে ফিফাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালে অনুমোদনহীন পতাকা প্রদর্শন বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে দলের ম্যানেজমেন্ট ম্যাচ স্থগিতের উদ্যোগ নিতে পারে বলে জানানো হয়েছে।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিসর।

বিশ্বকাপকে ঘিরে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক ও সামাজিক নানা বিতর্ক। বিশেষ করে সিয়াটলে অনুষ্ঠিতব্য ইরান-মিসর ম্যাচকে স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে উল্লেখ করা হলে নতুন করে আলোচনা শুরু হয়। সিয়াটলের প্রাইড সপ্তাহের সঙ্গে মিল রেখে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

এ বিষয়ে ইরান ও মিসরের ফুটবল ফেডারেশন আগেই ফিফার কাছে যৌথ অনুরোধ জানায়, যাতে ম্যাচ চলাকালে এলজিবিটিকিউ-সংক্রান্ত কোনো কার্যক্রম বা প্রতীকী আয়োজন মাঠের ভেতরে না থাকে।

বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে আরও কয়েকটি বিতর্ক সামনে এসেছে। গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। তাদের অভিযোগ ছিল, জাতীয় দলটি দেশের জনগণের পরিবর্তে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রতিনিধিত্ব করছে।

এ ছাড়া টিকিট বিতরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের অভিযোগ, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে ইরানি সমর্থকদের জন্য নির্ধারিত টিকিটের একটি অংশ প্রত্যাহার করা হয়েছে। ফলে অনেক সমর্থক আগাম ভ্রমণ পরিকল্পনা করলেও ম্যাচ দেখার সুযোগ হারিয়েছেন।

বর্তমানে মেক্সিকোর তিহুয়ানায় অনুশীলন করছে ইরান জাতীয় দল। যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা নীতির কারণে দলটি ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে বলে জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা উদ্বেগ, ভিসা জটিলতা এবং সমর্থকদের উপস্থিতি নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ইরান। মাঠের লড়াইয়ের পাশাপাশি এসব বিতর্কও টুর্নামেন্টজুড়ে আলোচনায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ