সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
৬:৪৯ অপরাহ্ন, ২ জুলাই ২০২৬

অপরাধ কমে নতুন ইতিহাস নিউইয়র্কে, খুনের হার নেমেছে রেকর্ড সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে শহরটির ইতিহাসে সবচেয়ে কম খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরো শহরজুড়ে বড় ধরনের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জুন মাসের শেষ পর্যন্ত নিউইয়র্কের পাঁচটি বরো […]

অপরাধ কমে নতুন ইতিহাস নিউইয়র্কে, খুনের হার নেমেছে রেকর্ড সর্বনিম্নে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে শহরটির ইতিহাসে সবচেয়ে কম খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুরো শহরজুড়ে বড় ধরনের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জুন মাসের শেষ পর্যন্ত নিউইয়র্কের পাঁচটি বরো বা প্রশাসনিক অঞ্চলে মোট ১২২টি খুনের ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ১৬২। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে খুনের ঘটনা কমেছে প্রায় ২৫ শতাংশ। এর ফলে ২০১৭ সালে রেকর্ড হওয়া ১৩৬টি খুনের পূর্ববর্তী সর্বনিম্ন সংখ্যাকেও ছাড়িয়ে গেছে চলতি বছরের পরিসংখ্যান।

শুধু খুনই নয়, শহরজুড়ে গোলাগুলির ঘটনা, ট্রানজিট অপরাধ এবং ছিনতাইয়ের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। সামগ্রিকভাবে বড় ধরনের অপরাধের হার কমেছে প্রায় ৬ শতাংশ।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের বলেন, সাধারণ পরিস্থিতিতেও এমন পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতো। কিন্তু চলতি বছর নিউইয়র্ক শহর ইতিহাসের অন্যতম ব্যস্ত সময় পার করছে। এনবিএ চ্যাম্পিয়নশিপ উদযাপন, বিজয় মিছিল, ফিফা বিশ্বকাপের ম্যাচ এবং আমেরিকা ২৫০ উদযাপনের মতো বড় বড় আয়োজনের মধ্যেও অপরাধ নিয়ন্ত্রণে এই সাফল্য অর্জিত হয়েছে।

বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে শহরে মোট ৩২২টি গোলাগুলির ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০১৮ ও ২০২৫ সালের ৩৩৭টি ঘটনার আগের সর্বনিম্ন রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে গোলাগুলিতে আহত হয়েছেন ৩৮১ জন, যা ২০২৫ সালের ৩৮৭ জনের রেকর্ডের চেয়েও কম।

বিশ্লেষকদের মতে, কোভিড-১৯ মহামারির সময়ের তুলনায় বর্তমানে নিউইয়র্কে গোলাগুলির ঘটনা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

অপরাধের অন্যান্য সূচকেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। গত বছরের একই সময়ের তুলনায় চুরির ঘটনা কমেছে ১৬ শতাংশ এবং ডাকাতি বা ছিনতাই কমেছে ১২ শতাংশ। নিউইয়র্কের পাবলিক হাউজিং এলাকাগুলোতে অপরাধের হার কমেছে ৯ শতাংশ এবং পাতালপথ বা সাবওয়ে ব্যবস্থায় ট্রানজিট অপরাধ নেমে এসেছে ২০০৯ সালের পর সর্বনিম্ন পর্যায়ে।

অপরাধ কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে ব্রঙ্কস এলাকায়। সেখানে সামগ্রিক অপরাধের হার কমেছে ১২ শতাংশ। কমিশনার জেসিকা টিশের উদ্যোগে ওই অঞ্চলে টহল ব্যবস্থার পুনর্বিন্যাস এবং অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েনের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছে পুলিশ বিভাগ।

তবে ইতিবাচক এই চিত্রের মাঝেও কিছু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের অভিযোগের সংখ্যা বেড়েছে প্রায় ৬ শতাংশ। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মোট ১ হাজার ৬৬টি ধর্ষণের অভিযোগ নথিভুক্ত হয়েছে।

পুলিশ কমিশনার জেসিকা টিশের ভাষ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ধর্ষণের আইনি সংজ্ঞা সম্প্রসারণের ফলে পরিসংখ্যানে এই বৃদ্ধি দেখা যাচ্ছে। তার মতে, প্রকৃতপক্ষে এখনও অনেক ভুক্তভোগী অভিযোগ দায়ের করেন না।

এছাড়া বিদ্বেষমূলক অপরাধ বা হেট ক্রাইমও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গত বছরের ২৯৯টি ঘটনার তুলনায় এ বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২২টিতে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনা ইহুদিবিদ্বেষী বা অ্যান্টিসেমিটিক হামলার সঙ্গে সম্পর্কিত।

অপরাধের হার কমে আসার এই প্রবণতাকে নিউইয়র্ক প্রশাসন ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও, যৌন সহিংসতা এবং বিদ্বেষমূলক অপরাধ মোকাবিলায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ