জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে দেশে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সংসদকে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন সম্পন্ন করে তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে […]
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে দেশে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সংসদকে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে ঘোষণা করতে হবে এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অভিশংসন সম্পন্ন করে তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংসদের অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যিনি ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দিয়েছেন, সেই রাষ্ট্রপতিকে অবশ্যই অভিশংসন করে বিচারের মুখোমুখি করতে হবে।
সংসদ অধিবেশন ও চলমান সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংসদ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক রূপ। এই সংসদের মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা সব অধ্যাদেশ অনুমোদন করতে হবে। সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন এবং হাজারো মানুষ আহত হয়েছেন। এই রক্তের ওপর দাঁড়িয়ে কোনো আপসের রাজনীতি হতে পারে না। তিনি বলেন, আগে অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদি হত্যার বিচার আদায় করেই ছাড়বেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
যুবশক্তির ভূমিকা তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, সংগঠনটি দ্রুত বিস্তৃত হচ্ছে এবং এই ধারাকে আরও শক্তিশালী করতে হবে। রাজপথে বিচার ও সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকার পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব রাখা হবে না।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে সংস্কার ও নতুন বাংলাদেশের প্রত্যাশায় এত মানুষের প্রাণ গেছে, নতুন সরকার শপথ নিয়েই জনগণকে হতাশ করেছে। তিনি প্রতারণার পথ পরিহার করে অবিলম্বে জুলাই সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যিনি ফ্যাসিস্ট সরকারের অপকর্মকে সমর্থন করেছেন এবং জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছেন, সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে সংসদের কার্যক্রম শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।