দেশজুড়ে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জনগণের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে […]
ছবি: সংগৃহীত
দেশজুড়ে খুন, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জনগণের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার রাজধানীর পল্লবীতে শিশু রামিশা হত্যার ঘটনাকে “মানবতার জন্য লজ্জাজনক” উল্লেখ করে বলেন, এ ধরনের নৃশংস ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। তার অভিযোগ, সরকার যেমন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, তেমনি বিএনপিও দলীয়ভাবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে অপরাধ বাড়ছে। অতীত সরকারের ব্যর্থতার কথা বলে বর্তমান পরিস্থিতি এড়ানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জনগণের দাবি অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও সরকারের সমালোচনা করে বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মানুষ বুঝতে পারছে না দেশ নতুন সরকারের অধীনে চলছে নাকি আগের পরিস্থিতিই বহাল আছে। তিনি অভিযোগ করেন, আলোচিত হত্যাকাণ্ডের পরও সরকারের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধি ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ায়নি।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি দাবি করেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর কয়েক মাসের মধ্যেই দেশে একের পর এক ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানান এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে গুলিস্তান ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।