আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে চমক উপহার দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ দর হাঁকার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই অঙ্কের মধ্য দিয়ে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বোলার। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত […]
আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে চমক উপহার দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ ও উত্তেজনাপূর্ণ দর হাঁকার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই অঙ্কের মধ্য দিয়ে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বোলার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে ঘিরে শুরু থেকেই আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে পেতে তার সাবেক দল চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত শাহরুখ খানের মালিকানাধীন কলকাতাই সর্বোচ্চ দর দিয়ে তাকে নিজেদের স্কোয়াডে নেয়।
এর আগে আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য পাওয়ার কীর্তি ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালে কেকেআর তাকে ৬ লাখ ডলারে কিনেছিল, যা সে সময়ের হিসাবে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকার সমান। প্রায় দেড় দশক পর সেই রেকর্ড ভেঙে মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটারদের বাজারমূল্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস—একাধিক ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলেছেন তিনি। সব মিলিয়ে কেকেআর তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ দল। উল্লেখ্য, গত মৌসুমে সরাসরি নিলামে দল না পেলেও পরে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছিলেন তিনি।
মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে নাম রয়েছে আরও ছয় বাংলাদেশি ক্রিকেটারের। তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রাকিবুল হাসান। তাদের ভাগ্যে কী অপেক্ষা করছে, সেদিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটপ্রেমীরা।