আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ঘিরে কয়েক দিন ধরে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম নেই বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও এই তালিকায় […]
ছবি: সংগৃহীত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম ঘিরে কয়েক দিন ধরে নানা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম নেই বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও ক্রিকবাজ।
মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও এই তালিকায় নেই। তবে আসন্ন নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
চলতি বছরের শুরুতেও আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বড় ধরনের আলোচনা ও নাটকীয়তা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
ওই ঘটনার রেশ গড়ায় আরও দূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে বাংলাদেশ দল।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় সব মিলিয়ে জায়গা পেয়েছেন ১ হাজার ২২০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত রয়েছে ২৫টি জায়গা।
তথ্যসূত্র: ক্রিকইনফো ও ক্রিকবাজ