নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার) এ সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া ৪৮ দলের এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে কোন দেশ অংশ নেবে, তা এখনো […]
ছবি: সংগৃহীত
নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে নিজেদের দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুটবল ফেডারেশন (ইউএস সকার) এ সিদ্ধান্ত নেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া ৪৮ দলের এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে কোন দেশ অংশ নেবে, তা এখনো জানায়নি ফিফা।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এবং কাতার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতার কারণে দলটির প্রাক্-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প ও বিশ্বকাপে অংশগ্রহণ বাতিল করা হয়েছে। চিঠিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেছে ফেডারেশন।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে তারা অবগত হয়েছে। বিদ্যমান তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতার বিষয়টি বিবেচনা করেই ইউএস সকার সিদ্ধান্তটি নিয়েছে বলে মনে করছে সংস্থাটি। তবে টুর্নামেন্ট ঘিরে নিজেদের নিরাপত্তা মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি এবং নতুন কোনো ঘটনা প্রতিযোগিতার নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করেনি বলেও জানিয়েছে ফিফা।
কেন সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র?
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কাতারসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি রয়েছে। গত অক্টোবর মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে। এতে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কাতারে মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জারি করা নির্দেশনাও ইউএস সকারের সিদ্ধান্তে বিবেচনায় এসেছে। খেলোয়াড়দের পাঠানো চিঠিতে ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান বিবেচনা।
অন্যদিকে, ফিফা বলেছে, কাতারে সম্প্রতি একাধিক আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই যুক্তরাষ্ট্রের দল প্রত্যাহারের সিদ্ধান্তের পরও টুর্নামেন্টের নিরাপত্তা মূল্যায়নে পরিবর্তন আনার প্রয়োজন দেখছে না সংস্থাটি।
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পরিবর্তে খেলবে কে?
যুক্তরাষ্ট্রের পরিবর্তে কোন দেশকে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, সে বিষয়ে ফিফা এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করা ডমিনিকান রিপাবলিক সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের দলটি গ্রুপ ‘জে’-তে মন্টেনেগ্রো, চিলি ও আলজেরিয়ার সঙ্গে ছিল। আগামী ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল।
জরিমানার মুখে ইউএস সকার
টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের কম সময় আগে দল প্রত্যাহার করায় ফিফার বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনকে জরিমানার মুখে পড়তে হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ফিফার প্রতিযোগিতা বিধিতে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ফেডারেশনের জন্য অন্তত ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানার বিধান রয়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে চূড়ান্ত শাস্তির ঘোষণা আসেনি।
ঘোষিত স্কোয়াড নিয়েও তৈরি হলো অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের কোচ অ্যালেক্স আলদাজ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন। স্কোয়াডে দেশটির পাশাপাশি ইংল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলাররাও ছিলেন।
দলের অন্যতম ভরসা ছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ফরোয়ার্ড মালিক জাকুপোভিচ। বাছাইপর্বে আটটি গোল করেছিলেন তিনি। খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানানোর কয়েক ঘণ্টা পরই ফিফা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের স্কোয়াড তালিকা প্রকাশ করে।
২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার। এবারের আসরে ৪৮টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। ১৯ নভেম্বর শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ১৩ ডিসেম্বর। মোট ১০৪টি ম্যাচ আয়োজনের সূচি রয়েছে।
ফিফা জানিয়েছে, অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি অব্যাহত রেখেছে সংস্থাটি।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও ফিফা