ঢাকা: নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে […]
ছবি: সংগৃহীত
ঢাকা: নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দলটির সকল স্তরের নেতা-কর্মীদের আগামীকাল বিকেল ৫টায় নিজ নিজ জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা দাবি করেছেন, বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অপরাধের বিচার প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন বলেন, গুম, খুন ও গণহত্যার ঘটনায় যথাযথ বিচার নিশ্চিত হওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও সংশয় রয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনি প্রক্রিয়া থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে অবস্থান জানাতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় সংগঠনের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও কর্মসূচিতে অংশ নেবেন। দলটির ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের যেকোনো সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিহত করা এবং অতীতের অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।