বিএনপি এখন আওয়ামী লীগের প্রভাব ও নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এনসিপিতে নতুন সদস্য যুক্ত হওয়ার উপলক্ষে ওই আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ […]
ছবি: সংগৃহীত
বিএনপি এখন আওয়ামী লীগের প্রভাব ও নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এনসিপিতে নতুন সদস্য যুক্ত হওয়ার উপলক্ষে ওই আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির বহু ত্যাগী নেতাকর্মী এখন দলের বর্তমান অবস্থান নিয়ে ক্ষুব্ধ এবং অনেকেই তাদের কাছে এসে হতাশার কথা জানাচ্ছেন। তার ভাষায়, বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে নিজেদের অর্থ, শ্রম ও ত্যাগ দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। অনেককে কঠিন সময় পার করতে হয়েছে, কারাবরণও করতে হয়েছে। কিন্তু এখন দলটির ভেতরের বাস্তবতা বদলে গেছে। তিনি বলেন, “বর্তমানে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে। সাধারণ নেতাকর্মীদের আকাঙ্ক্ষার সঙ্গে নেতৃত্বের অবস্থানের কোনো মিল নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। তিনি বলেন, “শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, বিএনপি সেই পথ থেকে সরে যাচ্ছে। তারা জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে অনেক দূরে চলে গেছে।”
তিনি আরও দাবি করেন, তৃণমূল পর্যায়ে নীরবে বড় ধরনের পরিবর্তন চলছে। অনেক বিএনপি নেতা-কর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে প্রকাশ্যে তা বলতে পারছেন না। এনসিপির সংস্কারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি নেতাদের উদ্দেশে সতর্কতামূলক বক্তব্য দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ছাত্রদল-যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি বলেন, “বিএনপি নেতারা জুলাই বিপ্লবের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন, কিন্তু এসেই তারা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে প্রতারণা করছেন।” তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় নিশ্চিত নয়। তাই জুলাইয়ের সংগ্রামের সঙ্গে বেইমানি করলে ভবিষ্যতে পালানোর সুযোগ পাওয়া যাবে না।