সিলেটে ম্যাচের আগের দিন অনুশীলন শেষে নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ করে এক সাংবাদিক মজা করে প্রশ্ন করেছিলেন—‘এত দ্রুত অনুশীলন শেষ?’ হাসতে হাসতেই শান্ত তখন বলেছিলেন, ‘উইকেট খুব ফ্ল্যাট, বেশি কনফিডেন্স চলে আসছে।’ কথাটা যে শুধু রসিকতা ছিল না, তার প্রমাণ মিলল বিপিএলের উদ্বোধনী ম্যাচেই। সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ব্যাট হাতে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন […]
ছবি - সংগৃহীত
সিলেটে ম্যাচের আগের দিন অনুশীলন শেষে নাজমুল হোসেন শান্তকে উদ্দেশ করে এক সাংবাদিক মজা করে প্রশ্ন করেছিলেন—‘এত দ্রুত অনুশীলন শেষ?’ হাসতে হাসতেই শান্ত তখন বলেছিলেন, ‘উইকেট খুব ফ্ল্যাট, বেশি কনফিডেন্স চলে আসছে।’ কথাটা যে শুধু রসিকতা ছিল না, তার প্রমাণ মিলল বিপিএলের উদ্বোধনী ম্যাচেই।
সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ব্যাট হাতে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন শান্ত। ৫৮ বলেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১০১ রানে, যা ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় এবং বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি।
সেঞ্চুরির নাটকীয়তা আসে ম্যাচের শেষ দিকে। ১৯তম ওভারের প্রথম বলেই শতক পূর্ণ করার সুযোগ পান শান্ত। তখন রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান, আর শান্তর সেঞ্চুরির জন্য দরকার মাত্র ২ রান। মোহাম্মদ আমিরের করা বলটি ফাইন লেগে ঠেলে এক রান নেন তিনি। কিন্তু ফিল্ডার হজরতউল্লাহ জাজাইয়ের মিসফিল্ডে সুযোগ বুঝে দ্রুত আরেক দৌড় দিয়ে শতক পূর্ণ করেন রাজশাহী অধিনায়ক।
এই সেঞ্চুরির মাধ্যমে বিপিএলে একাধিক শতকের মালিক হলেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই কীর্তি আছে কেবল তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমেরও।
গত আসরের বিপিএলে শান্তর সময়টা মোটেও ভালো যায়নি। ফরচুন বরিশালের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছিলেন তিনি, কখনো ব্যাটার, কখনো উইকেটকিপার হিসেবেও জায়গা ধরে রাখতে পারেননি। সেই হতাশার অধ্যায় পেছনে ফেলে নতুন আসরের শুরুতেই সেঞ্চুরি তুলে নিলেন তিনি।
অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্যাট হাতে সামনে থেকেই দলকে পথ দেখান শান্ত। ৬২ রানে দুই উইকেট হারানো রাজশাহীকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা রাখেন তিনি। ৬০ বলে খেলা তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা, স্ট্রাইক রেট ছিল ১৬৮.৩৩। শান্তর সেঞ্চুরির দিনে অভিজ্ঞ মুশফিকুর রহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ৩১ বলে করেন ৫১ রান।
নতুন বিপিএলের শুরুতেই এমন আত্মবিশ্বাসী পারফরম্যান্স রাজশাহী ওয়ারিয়র্সের জন্য বড় বার্তা হয়ে থাকল।