জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের রাজনৈতিক অবস্থান কোনো বিদেশি শক্তির পক্ষে নয়; তারা কেবল বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। তিনি বলেন, “আমরা ভারত, আমেরিকা বা চীনের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষেই আছি।” মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের রাজনৈতিক অবস্থান কোনো বিদেশি শক্তির পক্ষে নয়; তারা কেবল বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। তিনি বলেন, “আমরা ভারত, আমেরিকা বা চীনের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষেই আছি।”
মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবক খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সীমান্তে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, সরকার প্রকৃত নাগরিকদের বদলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিরাপত্তা দিতে বেশি ব্যস্ত। তিনি বলেন, সীমান্তে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা থাকলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এভাবে বাংলাদেশিদের হত্যা করার সাহস পেত না।
তিনি আরও বলেন, শান্তিকালীন সময়ে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশকে আরও আধুনিক ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ভবিষ্যতে এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
গত ১৪ মে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল এলাকার বাসিন্দা খাদিমুল ইসলাম রাতে নদীতে মাছ ধরতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন বলে পরিবারের দাবি। নিহতের স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
সাক্ষাৎকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।