বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দারুণ সূচনা এনে দিলেও ম্যাচে নিজের প্রথম গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়েন লিওনেল মেসি। গোল উদ্যাপনের সময় তাকে চোখের পানি মুছতে দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন মেসি। একই […]
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দারুণ সূচনা এনে দিলেও ম্যাচে নিজের প্রথম গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়েন লিওনেল মেসি। গোল উদ্যাপনের সময় তাকে চোখের পানি মুছতে দেখা যায়, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেন তিনি।
ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আবেগঘন প্রতিক্রিয়ার ব্যাখ্যা দেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনে কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে এবং সেই অনুভূতিরই বহিঃপ্রকাশ ছিল কান্না।
মেসি বলেন, “এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। আমি কিছু কঠিন ও জটিল দিনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। প্রথম গোলের পর আবেগ ধরে রাখতে পারিনি।”
তবে কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। এ সময় পাশে থাকার জন্য সতীর্থ ও পুরো আর্জেন্টিনা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই তারকা।
মেসি বলেন, “আমি আমার সতীর্থ এবং পুরো দলের কাছে কৃতজ্ঞ। তারা সব সময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছে এবং কঠিন সময়ে পাশে থেকেছে।”
নিজের বর্তমান অবস্থান ও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “জীবনে অনেক কিছু দেখেছি এবং অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এখন আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। এই অসাধারণ দলের অংশ হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।”
আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আর হ্যাটট্রিকের পাশাপাশি আবেগঘন মুহূর্তের কারণে ম্যাচটি মেসির ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।