হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে চলতি দলবদলেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় এখন বিকল্প স্ট্রাইকার খুঁজছে কাতালান ক্লাবটি। ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইএসপিএন। বার্সেলোনা চলতি গ্রীষ্মে আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার খবরও […]
ছবি: সংগৃহীত
হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে চলতি দলবদলেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় এখন বিকল্প স্ট্রাইকার খুঁজছে কাতালান ক্লাবটি। ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইএসপিএন।
বার্সেলোনা চলতি গ্রীষ্মে আলভারেজকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার খবরও সামনে এসেছিল। তবে মাদ্রিদে থাকা ক্লাবটি আলভারেজকে বিক্রি করতে আগ্রহী নয়। ফলে বার্সেলোনা এখন বুঝতে পারছে, বড় কোনো পরিবর্তন না হলে আগস্টের দলবদলে এই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে আলভারেজকে নিয়ে বার্সেলোনার পরিকল্পনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। পরিস্থিতি বদলালে আগামী জানুয়ারির দলবদলেও তাকে পাওয়ার চেষ্টা করতে পারে ক্লাবটি।
বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিক অবশ্য আক্রমণভাগে একজন স্বীকৃত ‘নম্বর নাইন’ চান। রবার্ট লেওয়ানডস্কি ও ফেরান তোরেসের বিদায়ের পর দলে একজন নিয়মিত সেন্টার ফরোয়ার্ডের ঘাটতি তৈরি হয়েছে। ফ্লিকও বিষয়টি নিয়ে ক্লাবের সঙ্গে কাজ চলছে বলে জানিয়েছেন।
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকোও লেওয়ানডস্কির জায়গা পূরণকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার মতে, ফেরান তোরেসের জায়গায় দলে থাকা বর্তমান খেলোয়াড়দের দিয়ে সমাধান করা সম্ভব হলেও লেওয়ানডস্কির মতো একজন ফরোয়ার্ডকে সরাসরি বদলে দেওয়া সহজ নয়।
আলভারেজকে পাওয়া কঠিন হয়ে যাওয়ায় বার্সেলোনা এখন বিকল্প কয়েকটি নাম নিয়ে ভাবছে। এর মধ্যে নিকোলো ত্রেসোলদি অন্যতম। বেলজিয়ান ক্লাব ব্রুগের এই তরুণ ফরোয়ার্ডকে আলভারেজের বিকল্প হিসেবে বিবেচনা করছে বার্সেলোনা বলে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে।
এর পাশাপাশি লাওতারো মার্তিনেজ ও স্পোর্টিং সিপির লুইস সুয়ারেজের নামও আলোচনায় রয়েছে। তবে তাদের কাউকে দলে নিতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হওয়ায় বার্সেলোনার আর্থিক সক্ষমতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বেনজামিন সেসকোর নামও দীর্ঘদিন ধরে ক্লাবটির আলোচনায় থাকলেও তাকে পাওয়া বর্তমানে কঠিন বলে মনে করা হচ্ছে।
এদিকে তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমও ফ্লিকের পরিকল্পনায় জায়গা করে নিচ্ছেন। প্রাক-মৌসুমে বার্সেলোনার একমাত্র স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকা হামজা ইতোমধ্যে চার গোল করেছেন। আল আহলির বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচেও গোল করেন তিনি।
ম্যাচের পর ফ্লিক হামজার প্রশংসা করে তার বল ধরে রাখা এবং ক্রস থেকে আক্রমণে ওঠার দক্ষতার কথা উল্লেখ করেন। ফলে নতুন স্ট্রাইকার না এলে তরুণ এই ফরোয়ার্ডকে আরও বেশি সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
আলভারেজকে পাওয়ার পথ কঠিন হয়ে গেলেও বার্সেলোনা পুরোপুরি বিকল্পহীন নয়। রাফিনহা, করিম আদেইমি, অ্যান্থনি গর্ডন ও লামিনে ইয়ামালকে প্রয়োজন অনুযায়ী আক্রমণের কেন্দ্রে ব্যবহার করা যেতে পারে। ফারমিন লোপেজ ও দানি ওলমোও আগে ‘ফলস নাইন’ হিসেবে খেলেছেন।
তবে লেওয়ানডস্কির বিদায়ের পর একজন স্বীকৃত গোলদাতার ঘাটতি পূরণ করাই এখন বার্সেলোনার প্রধান চ্যালেঞ্জ। আলভারেজের বিষয়ে অ্যাটলেটিকোর অবস্থান বদল না হলে দলবদলের শেষ দিকে বিকল্প কোনো ফরোয়ার্ডকে দলে আনার দিকেই এগোতে হবে কাতালান ক্লাবটিকে।
তথ্যসূত্র: ইএসপিএন ও এএস