সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:১৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৬

আলাদা লাইন বা বিশেষ বুথে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি

জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে—এমন অভিযোগ তুলে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা লাইন বা বিশেষ বুথে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। এতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু […]

আলাদা লাইন বা বিশেষ বুথে তেল চায় পুলিশ, আইজিপিকে চিঠি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে—এমন অভিযোগ তুলে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা লাইন বা বিশেষ বুথে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। এতে সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, টহল, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলাসহ নানা কাজে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক মাঠে থাকতে হয়। এসব দায়িত্ব পালনে তারা ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি কিংবা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করেন।

কিন্তু বর্তমানে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এতে কর্মঘণ্টার বড় অংশ নষ্ট হচ্ছে এবং জরুরি সেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হয়।

অ্যাসোসিয়েশনের দাবি, এই পরিস্থিতির কারণে আসামি গ্রেপ্তার, দুর্ঘটনা মোকাবিলা, টহল কার্যক্রম ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও বিলম্ব হচ্ছে। অনেক সময় লাইনের বাইরে গিয়ে তেল নেওয়ার চেষ্টা করলে জনঅসন্তোষ বা জরিমানার মুখেও পড়তে হচ্ছে সদস্যদের।

এ অবস্থায় দেশের সব সরকারি ও বেসরকারি ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্রের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথ চালুর আহ্বান জানানো হয়েছে। এতে দ্রুত দায়িত্ব পালন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষও সময়মতো সেবা পাবে বলে মনে করছে সংগঠনটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ