জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষে মামলাটি […]
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের একাধিক সদস্য। চার আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন আমির হোসেন। গত ২০ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।
মামলায় প্রাথমিকভাবে ১৬ জনকে আসামি করা হলেও প্রসিকিউশন ১১ জনের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে। এদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, তিন উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং একজন কনস্টেবল। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ কয়েকজন আসামি এখনও পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার সাভার এলাকায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। পরে তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজন ব্যক্তি জীবিত ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া এর আগের দিন আরও একজন নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার সঙ্গে ৩১৩ পৃষ্ঠার নথি, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ যুক্ত করা হয়। এ ছাড়া ৬২ জনকে সাক্ষী করা হয়, যাদের মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৫ সালের ২১ আগস্ট ট্রাইব্যুনাল এই মামলায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।