নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নেতৃত্ব গ্রহণের বিষয়ে তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে […]
ছবি: সংগৃহীত
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নেতৃত্ব গ্রহণের বিষয়ে তাকে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আসিফই সেই তরুণ, যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল।”
তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন এবং প্যারিস অলিম্পিক উপলক্ষে সেখানে ছিলেন। সেই সময় আসিফ মাহমুদ তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন এবং তাকে দেশের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান।
ড. ইউনূস বলেন, “আমি বারবার আসিফকে বলছিলাম, অন্য কাউকে খুঁজে নাও। আমি এই ধরনের কাজের জন্য উপযুক্ত নই। আমি শুধু সেই কাজগুলোই করি, যেগুলো করতে আমি আনন্দ পাই।”
তিনি আরও জানান, জবাবে আসিফ মাহমুদ তাকে বলেছিলেন, “অনেক দেরি হয়ে যাচ্ছে। পুরো দেশ একটি সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি রাজি না হওয়ার কারণে তিন দিন ধরে দেশে কোনো সরকার নেই।”
ড. ইউনূস বলেন, আসিফ মাহমুদের এই কথার পর তিনি দায়িত্ব গ্রহণে সম্মতি জানান। সম্মতি দেওয়ার পরপরই আসিফ তাকে দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ করেন।
তার ভাষায়, “সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই আসিফ আমাকে বলেছিল, যত দ্রুত সম্ভব বিমানের টিকিট কেটে চলে আসুন। প্রথম ফ্লাইটেই চলে আসুন।”
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক শীর্ষ নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামেরও প্রশংসা করেন ড. ইউনূস।
নাহিদ ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, “সে কেবল একজন ব্যক্তি নয়, সে নিজেই একটি ইতিহাস।”
নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মধ্যেও নাহিদ ইসলাম যেভাবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে গেছেন, তার প্রশংসা করেন ড. ইউনূস।
তিনি বলেন, “তারা সব ধরনের চেষ্টা করেছিল। মানুষ হত্যা করেছে, তাদের সহকর্মী ও শিক্ষার্থীদের হত্যা করেছে। তিন সপ্তাহে রাজপথে ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। তারা সেখানেই ছিল এবং নাহিদ ছিল সবার সামনে।”
অনুষ্ঠিতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সামনে বক্তব্য দিতে গিয়ে ড. ইউনূস দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, তরুণ নেতৃত্বের ভূমিকা এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনে যুবসমাজের অংশগ্রহণের গুরুত্ব নিয়েও কথা বলেন।