জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসার যে আলোচনা চলছে, সেই ‘বাতাস’ শুধু দুটি জায়গাতেই দেখা যাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসার যে আলোচনা চলছে, সেই ‘বাতাস’ শুধু দুটি জায়গাতেই দেখা যাচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, আওয়ামী লীগ ফেরার যে বাতাসের কথা বলা হচ্ছে, তা বাংলাদেশে নেই। এই বাতাস শুধু সোশ্যাল মিডিয়া এবং ভারতে দেখা যাচ্ছে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের জ্বালানি সংকট নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
তার মতে, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের দায় শুধু একজন মন্ত্রীর ওপর চাপিয়ে দিলে হবে না। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনোভাবে এড়াতে পারেন না।
সারজিস বলেন, প্রধানমন্ত্রী যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ব্যর্থতার পরও কোনো মন্ত্রীকে দায়িত্বে রেখে দিলে সেই ব্যর্থতার দায় সরকারের শীর্ষ নেতৃত্বকেও নিতে হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন সারজিস আলম। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নিজের মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সারজিস বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর ‘প্রক্সি’ হিসেবে কাজ করছেন। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে তিনি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যথাযথভাবে নজর দিতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের মন্ত্রণালয়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।