Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৫৯ পিএম, ১৬ জুলাই ২০২৬

ইংল্যান্ডকে হারানোর জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

আরেকটি স্মরণীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে এই ঐতিহাসিক জয়টি ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। […]

ইংল্যান্ডকে হারানোর জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আরেকটি স্মরণীয় জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে এই ঐতিহাসিক জয়টি ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। বলের দখল ও আক্রমণে পুরো ম্যাচেই আধিপত্য দেখায় আলবিসেলেস্তেরা। দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিওনেল মেসি। তার নিখুঁত পাস ও আক্রমণ সাজানোর দক্ষতায় গোল করেন এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেজ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের বিপক্ষে এই জয় আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের একটি আবেগঘন স্মৃতিকেও ফিরিয়ে এনেছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার অবিস্মরণীয় পারফরম্যান্স আজও ফুটবল ইতিহাসের অংশ। সেই ম্যাচেই তিনি করেছিলেন বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’। চার দশক পর আবারও ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠায় সেই স্মৃতির সঙ্গে নতুন এক অধ্যায় যোগ হলো।

ম্যাচ শেষে স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় মেসি বলেন, “আজকের এই জয় আমি ডিয়েগোর জন্য উৎসর্গ করছি। আমার বিশ্বাস, তিনি ওপর থেকে সবকিছু দেখছেন এবং নিশ্চয়ই আনন্দিত। ইংল্যান্ডের বিপক্ষে জয় তার জন্য সবসময়ই বিশেষ ছিল। তাকে এই আনন্দ দিতে পারা আমাদের জন্যও বিশেষ অনুভূতির।”

মেসি আরও বলেন, “আমরা জানি, আর্জেন্টিনার ফুটবলে ডিয়েগোর অবদান কতটা বিশাল। তিনি সবসময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

এই জয়ের মধ্য দিয়ে গত চারটি বিশ্বকাপের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন তাদের সামনে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ফাইনালে আগামী ১৯ জুলাই স্পেনের মুখোমুখি হবে মেসির দল। শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণে আর মাত্র একটি জয় প্রয়োজন আর্জেন্টিনার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ