‘ইনকিলাব, ইনসাফ ও আজাদি’—এই তিনটি শব্দকে জুলাই গণঅভ্যুত্থানের ভাষা ও ঐতিহাসিক সম্পদ হিসেবে আখ্যায়িত করে জনপরিসরে এগুলোর ব্যাপক চর্চার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, পরাজিত ও চিহ্নিত কিছু সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তি জুলাই গণঅভ্যুত্থানের সময় জনমনে প্রতিবাদের আগুন […]
ছবি: সংগৃহীত
‘ইনকিলাব, ইনসাফ ও আজাদি’—এই তিনটি শব্দকে জুলাই গণঅভ্যুত্থানের ভাষা ও ঐতিহাসিক সম্পদ হিসেবে আখ্যায়িত করে জনপরিসরে এগুলোর ব্যাপক চর্চার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, পরাজিত ও চিহ্নিত কিছু সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তি জুলাই গণঅভ্যুত্থানের সময় জনমনে প্রতিবাদের আগুন জ্বালানো ঐতিহাসিক আরবি-ফারসি শব্দগুলোর বিরুদ্ধে বিষোদ্গারে নেমেছে। এসব শক্তি মূলত জুলাই বিপ্লবের বিরোধী এবং তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানের ভাষাগত ও সাংস্কৃতিক শক্তিকে দুর্বল করতে চায়।
তিনি বলেন, ইসলামবিদ্বেষী ও উগ্র সেক্যুলার ফ্যাসিবাদের এই প্রচেষ্টা রুখে দিতে জনপরিসরে ‘ইনকিলাব, ইনসাফ ও আজাদি’ শব্দগুলোর ব্যবহার ও চর্চা আরও জোরদার করতে হবে। এগুলো শুধু স্লোগান নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক সম্পদ ও রাজনৈতিক ভাষা। দুঃখজনকভাবে ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীকেও জুলাইয়ের অন্যতম শক্তিশালী স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’-এর বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে, যা উদ্বেগজনক।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রকৃতপক্ষে যাদের মানসিকতায় গোলামির ছাপ রয়ে গেছে, তারা কখনোই জুলাইয়ের চেতনা ধারণ করতে পারে না। যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে জুলাইয়ের সর্বজনস্বীকৃত স্লোগানগুলোকে বিতর্কিত করতে চায়, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদে সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, বাংলা ভাষা কেবল দেশি শব্দেই সমৃদ্ধ নয়; ইংরেজির পাশাপাশি অসংখ্য আরবি, ফারসি ও উর্দু শব্দও এ ভাষাকে প্রাণবন্ত করেছে। বিশেষ করে ‘ইনকিলাব, ইনসাফ ও আজাদি’র মতো শব্দগুলো ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনসহ ইতিহাসের বিভিন্ন পর্বে এ জনপদের মানুষের সংগ্রামকে ভাষা ও প্রেরণা জুগিয়েছে। সেই ধারাবাহিকতাতেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ঔপনিবেশিক ফোর্ট উইলিয়াম কলেজের আদর্শে প্রভাবিত ব্রাহ্মণ্যবাদী মানসিকতার কিছু সাম্প্রদায়িক সাংস্কৃতিক এলিট আজ বাংলা ভাষার ফ্যাসিবাদবিরোধী নতুন প্রাণশক্তিকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত। লক্ষণীয়ভাবে তারা কখনো ‘শহীদ মিনার’ কিংবা ‘আওয়ামী’ শব্দ নিয়ে প্রশ্ন তোলে না, কিন্তু যেসব ঐতিহাসিক আরবি-ফারসি শব্দনির্ভর স্লোগান তাদের উগ্র সেক্যুলার বাঙালি জাতিবাদের জন্য চ্যালেঞ্জ, সেগুলোর বিরুদ্ধেই তারা সরব হয়।
তিনি বলেন, এই পরাজিত সাংস্কৃতিক ফ্যাসিস্টরা যতবারই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে, ততবারই জুলাইয়ের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, কথিত প্রগতি ও শিল্পের নামে যারা আবারও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের গণবিরোধী বয়ান ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে পাল্টা বয়ান ও সুস্পষ্ট অবস্থান অব্যাহত রাখতে হবে। গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে যারা এ লড়াইয়ে যুক্ত আছেন, তাদের দক্ষতা, কর্মপরিকল্পনা ও পেশাগত সক্ষমতা আরও বাড়াতে হবে। সামান্য অর্জনে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। সাংস্কৃতিক লড়াইয়ে টিকে থাকতে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে শহীদ ওসমান বিন হাদির চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।