ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সমকালকে জানান, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে […]
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সমকালকে জানান, দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাঁর চিকিৎসা শুরু করেন।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে আসা সশস্ত্র হামলাকারীরা বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। তিনটি মোটরসাইকেলে করে তারা ঘটনাস্থলে আসে বলে জানান তিনি।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী বলেন, নির্বাচনী প্রচারণার সময় হাদির ওপর হামলা চালানো হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পরপরই ঢামেকে ছুটে যান তাঁর সমর্থকরা। জরুরি বিভাগের সামনে উৎসুক জনতার ভিড়ও বাড়তে থাকে। হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে।
হাদির সমর্থকরা জানান, গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন হুমকি পাচ্ছিলেন। নভেম্বর মাসে দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি, বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের হুমকির কথা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছিলেন।
হামলার কয়েক ঘণ্টা আগে, বেলা ১১টা ৫২ মিনিটে হাদি তাঁর ফেসবুকে লেখেন, “যেহেতু ঢাকা–৮ এ আমার পোস্টার–ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া–ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”
গুলির ঘটনার পর ডিআর টাওয়ারের সামনে বক্স কালভার্ট রোড এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান একই আসনের বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বিকেল চারটার দিকে ঢামেকে পৌঁছান। কিছুক্ষণ পর হাসপাতালে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও।
হামলার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের জন্য ঘটনাস্থল ও হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।