ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত একটি চুক্তি ভেস্তে দিতে এবং মার্কিন জনমতকে সেই চুক্তির বিপক্ষে প্রভাবিত করতে ইসরায়েল সরকারের কিছু সদস্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তার এমন সরাসরি সমালোচনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (১৫ জুলাই) মার্কিন পডকাস্টার […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত একটি চুক্তি ভেস্তে দিতে এবং মার্কিন জনমতকে সেই চুক্তির বিপক্ষে প্রভাবিত করতে ইসরায়েল সরকারের কিছু সদস্য সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে তার এমন সরাসরি সমালোচনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৫ জুলাই) মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স এ মন্তব্য করেন।
গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া যুদ্ধবিরতি চুক্তির পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, “আমি কোনো রকম সন্দেহের ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে জানি যে, ইসরায়েল সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন, যারা আমাদের এই নীতি (চুক্তি) থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কারণ, তারা এই সামরিক অভিযান চালিয়ে যেতে চান।”
ভ্যান্স বলেন, তিনি যে চুক্তির পক্ষে কাজ করছিলেন, সেটি ব্যর্থ করে দেওয়ার জন্য একটি বিদেশি প্রভাব বিস্তারের প্রচারণায় অর্থায়ন করা হচ্ছে।
এই দাবির সমর্থনে তিনি টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পক্ষে মার্কিন নাগরিকদের ইরান যুদ্ধ-সংক্রান্ত দৃষ্টিভঙ্গি প্রভাবিত করার লক্ষ্যে একটি ডিজিটাল প্রচারণা পরিচালনার জন্য ট্রাম্পের সাবেক এক নির্বাচনী প্রচারণাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল।
ভ্যান্স বলেন, “আলোচনা ও চুক্তিকে লাইনচ্যুত করতে অত্যন্ত বিচক্ষণ ও বিপুল অর্থায়নে পরিচালিত এই প্রচার অভিযান আপনারা দেখছেন। তাদের ব্যবস্থার মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা যুদ্ধকে অনির্দিষ্টকালের জন্য টিকিয়ে রাখতে মার্কিন জনমতকে ম্যানিপুলেট ও পরিবর্তন করার চেষ্টা করছে।”
ওয়াশিংটন থেকে আল-জাজিরার সংবাদদাতা প্যাটি কুলহানে জানান, এই প্রচারণার মূল লক্ষ্য সম্ভবত ট্রাম্পের ‘মাগা’ (Make America Great Again) সমর্থক গোষ্ঠী, যারা বর্তমানে ইসরায়েলকে ঘিরে মার্কিন নীতি নিয়ে বিভক্ত।
তার ভাষায়, জো রোগানের পডকাস্টে ভ্যান্সের উপস্থিতির কারণও সেখানেই। রোগান তরুণ মাগা সমর্থকদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব।
সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেন, ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত থাকার কারণে তিনিও এই প্রচারণার লক্ষ্যবস্তু হয়েছেন।
তিনি বলেন, “প্রেসিডেন্ট দেশের জন্য যে আলোচনার লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন, তা আক্ষরিক অর্থে পূরণ করার চেষ্টা করার অপরাধে মানুষ আমাকে নির্মমভাবে আক্রমণ করছে।”
তবে তিনি স্বীকার করেন, মিত্র ও প্রতিদ্বন্দ্বী—উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে।
ভ্যান্স বলেন, “ইসরায়েল যখন এটি করার চেষ্টা করে, তখন আমি কিছু মনে করি না। তবে যা আমাকে সত্যিই বিরক্ত করে, তা হলো—যখন এই অপারেশন বা প্রভাব খাটানোর ক্যাম্পেইনগুলো আসলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত ও বিচারবুদ্ধিকে প্রভাবিত করে।”
গত মাসে ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ভ্যান্স। যদিও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার কারণে চুক্তিটি কার্যত দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
তাকে প্রশ্ন করা হয়, ইসরায়েলি প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে এই যুদ্ধে জড়াত?
জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি তা-ই মনে করি।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, ইসরায়েলের যে কোনো প্রভাবের বাইরে গিয়েও প্রেসিডেন্ট দৃঢ়ভাবে বিশ্বাস করেন—এবং আমি এর সঙ্গে একমত—যে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।”
সাবেক ইসরায়েলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস ভ্যান্সের মন্তব্যকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন।
বর্তমানে দ্য নিউ রিপাবলিক-এর কলামিস্ট পিঙ্কাস আল-জাজিরাকে বলেন, “যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন ভাইস প্রেসিডেন্ট এর আগে কখনো ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন নীতিকে ক্ষুণ্ণ করার জন্য প্রকাশ্যে প্রচারণা চালানোর অভিযোগ তোলেননি। অতীতে মতবিরোধ ছিল, কিন্তু একজন দায়িত্বরত ভাইস প্রেসিডেন্ট এভাবে প্রকাশ্যে ইসরায়েলি প্রভাব বিস্তারের প্রচারণার সমালোচনা করবেন—এটি সত্যিই নজিরবিহীন।”
আল-জাজিরার সাংবাদিক প্যাটি কুলহানেও ভ্যান্সের মন্তব্যকে “অশ্রুতপূর্ব” বলে বর্ণনা করেছেন।
সাক্ষাৎকারে ভ্যান্স প্রয়াত দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে বিতর্ক নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, মার্কিন ও ইসরায়েলি উভয় দেশের গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ে এপস্টেইনের কিছু নির্দিষ্ট সংযোগ ছিল।
ভ্যান্সের এসব বক্তব্যের পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা