ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার স্বার্থে সম্প্রতি ওয়াশিংটনের নিজ বাসভবন ছেড়ে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ও বাসা ছাড়ার কারণ তুলে ধরেন বেসেন্ট। সাক্ষাৎকারে ইরানের হুমকি প্রসঙ্গে বেসেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক […]
ছবি: সংগৃহীত
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিরাপত্তার স্বার্থে সম্প্রতি ওয়াশিংটনের নিজ বাসভবন ছেড়ে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান ও বাসা ছাড়ার কারণ তুলে ধরেন বেসেন্ট।
সাক্ষাৎকারে ইরানের হুমকি প্রসঙ্গে বেসেন্ট বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে আমাদের সাহসী সামরিক সদস্যরা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। সেখানে আমি কেন ভীত হব?’
তিনি আরও বলেন, ‘ইরান এখন কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো উগ্র আচরণ করছে। তাই আমি সিক্রেট সার্ভিসের নির্দেশনা অনুসরণ করছি এবং নিজের বাড়ি ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে চলে গেছি।’
নিজের বাসভবনের নিরাপত্তা নিয়েও কথা বলেন মার্কিন অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য, ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল তাঁর জর্জটাউনের বাড়ির আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল। ওই ছবি প্রকাশের পর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। বেসেন্টের মতে, এ ধরনের ছবি প্রকাশ ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’। সংবাদমাধ্যমের এ ধরনের ছবি প্রকাশ বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বেসেন্ট। গত ২৪ আগস্ট ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার অভিযান শুরু করে মার্কিন অর্থ বিভাগ। এর লক্ষ্য ইরানের আর্থিক নেটওয়ার্ক ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন সীমিত করে তেহরানকে জাহাজ চলাচলে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চাপ দেওয়া।
এই অভিযানের পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধও কার্যকর রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যাংক শাখা ও ইরানের সঙ্গে লেনদেনে সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে মার্কিন কর্মকর্তা বা নাগরিকদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
সূত্র: রয়টার্স, মার্কিন অর্থ বিভাগ