যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জব্দ করা প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নতুন সমঝোতার পথে এগোচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ও সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের জব্দ করা প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে নতুন সমঝোতার পথে এগোচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ও সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দীর্ঘদিন ধরে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজায়ি শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন সরাসরি সমঝোতার পথে এগোতে বাধ্য হচ্ছে। তিনি দাবি করেন, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরিত হলে আঞ্চলিক সংঘাত প্রশমিত হবে এবং নিষেধাজ্ঞা শিথিলের পথ আরও সহজ হবে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের জব্দ সম্পদ মুক্ত করার বিষয়টি সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে প্রায় ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ মুক্ত করার দাবি আলোচনার কেন্দ্রে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে এই সম্পদের ব্যবহার নিয়ে বিভিন্ন প্রস্তাবও বিবেচনায় এসেছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও বৃহত্তর সমঝোতা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে সম্ভাব্য যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা-সংক্রান্ত শর্তগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে ইরানের জন্য বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও আবুধাবি সরকার এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের কোনো জব্দ সম্পদ ছাড় বা স্থানান্তরের খবর ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’।
বিশ্লেষকদের মতে, ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হলে তা দুই দেশের মধ্যে আস্থার সংকট কমাতে সহায়ক হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স