চুল পড়া ও বংশগত টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। তাঁদের তৈরি ‘ডিট্যাঙ্গল’ নামের একটি বৈদ্যুতিক চিরুনি ইঁদুরের ওপর পরীক্ষায় চুল পুনরায় গজাতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গবেষকদের দাবি, চিরুনিটি বৈদ্যুতিক উদ্দীপনা ও ওষুধ সরবরাহের সমন্বয়ে চুলের ফলিকলকে সক্রিয় করতে পারে। তবে এখনো মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা […]
ছবি: সংগৃহীত
চুল পড়া ও বংশগত টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। তাঁদের তৈরি ‘ডিট্যাঙ্গল’ নামের একটি বৈদ্যুতিক চিরুনি ইঁদুরের ওপর পরীক্ষায় চুল পুনরায় গজাতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। গবেষকদের দাবি, চিরুনিটি বৈদ্যুতিক উদ্দীপনা ও ওষুধ সরবরাহের সমন্বয়ে চুলের ফলিকলকে সক্রিয় করতে পারে। তবে এখনো মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।
বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চিরুনিটি তৈরি করেছেন। পুরুষদের বংশগত টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার চিকিৎসায় এটি কাজে লাগতে পারে বলে তাঁদের ধারণা। গবেষণাটি চলতি মাসে বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস-এ প্রকাশিত হয়েছে।
বৈদ্যুতিক উদ্দীপনা ও ওষুধ একসঙ্গে
ডিট্যাঙ্গল চিরুনির দাঁতে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ বহনকারী অণু যুক্ত করা হয়েছে। দাঁতগুলোর উচ্চতায় পার্থক্য রাখা হয়েছে, যাতে চুলের গোড়ার নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। গবেষকদের ব্যাখ্যা, এই বৈদ্যুতিক উদ্দীপনা চুলের ফলিকলে ওষুধ পৌঁছানোর প্রক্রিয়াকে সহায়তা করে। অর্থাৎ চিরুনিটি একই সঙ্গে ফলিকলকে উদ্দীপিত করে এবং নির্দিষ্ট স্থানে ওষুধ সরবরাহ করে।
গবেষণায় ইঁদুরের ওপর পরীক্ষার ফল তুলনা করা হয়েছে চুল পড়ার প্রচলিত চিকিৎসা মিনোক্সিডিলের সঙ্গে। গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, এক মাসের পরীক্ষায় ডিট্যাঙ্গল ব্যবহারে চুল পুনরুদ্ধারের কার্যকারিতা প্রায় ৭০ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। তবে এই ফল পরীক্ষাগারের প্রাণীর ক্ষেত্রে পাওয়া গেছে; মানুষের চিকিৎসায় একই ফল মিলবে, এমন নিশ্চয়তা নেই।
বংশগত টাকের চিকিৎসায় কেন নতুন পদ্ধতির খোঁজ
অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া পুরুষদের বংশগত চুল পড়ার একটি সাধারণ ধরন। এতে ধীরে ধীরে মাথার নির্দিষ্ট অংশের চুল পাতলা হয়ে যায় এবং টাক দেখা দিতে পারে। এ সমস্যার চিকিৎসায় মিনোক্সিডিল ও ফিনাস্টেরাইডের মতো ওষুধ ব্যবহৃত হয়। তবে সবার ক্ষেত্রে ফল এক রকম হয় না এবং উপকার ধরে রাখতে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যেতে হয়।
মিনোক্সিডিল চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সহায়তা করতে পারে। কিন্তু ফল পেতে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মাথার ত্বকে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।
ফিনাস্টেরাইডও বংশগত টাকের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে যৌন সক্ষমতার সমস্যা ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাবসহ কিছু সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ রয়েছে। অন্যদিকে, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে চুল প্রতিস্থাপন করা সম্ভব হলেও এটি অস্ত্রোপচারনির্ভর এবং ব্যয়বহুল।
মানুষের ওপর পরীক্ষা এখনো বাকি
গবেষণার ফল আশাব্যঞ্জক হলেও ডিট্যাঙ্গল চিরুনি এখনই মানুষের চুল পড়ার চিকিৎসায় ব্যবহারযোগ্য—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ইঁদুরের ওপর পরীক্ষা থেকে মানুষের শরীরে এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা যায় না। মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের আগে আরও গবেষণা প্রয়োজন।
মানুষের ক্ষেত্রে চিরুনিটি কতটা কার্যকর, কত দিন ব্যবহার করতে হবে এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না—এসব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী পরীক্ষায়। তাই আপাতত এটিকে চুল পড়ার চিকিৎসায় সম্ভাবনাময় একটি পরীক্ষামূলক প্রযুক্তি হিসেবেই দেখছেন গবেষকেরা।
সূত্র: ইন্ডিপেনডেন্ট ও নেচার কমিউনিকেশনস।