আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলে দলটি। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক নিরপেক্ষতা হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার […]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলে দলটি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক নিরপেক্ষতা হারিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দিতে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে, যা স্পষ্টভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ শামিল।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনসহ রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান একটি দলের হয়ে কাজ করছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যে ভূমিকা থাকার কথা, তা তারা পালন করছে না। বরং একটি দলকে নির্বাচিত করতে রাষ্ট্রযন্ত্র সমন্বিতভাবে ব্যবহার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের কর্মকর্তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন, তখন সেই নির্বাচন স্বচ্ছ হওয়ার কোনো সুযোগ থাকে না। এটি একটি পরিকল্পিত কারচুপির প্রস্তুতি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত না করলে নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রার্থী ও নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে এনসিপি জানায়, সাম্প্রতিক সময়ে সারা দেশে দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ওপর ধারাবাহিক হামলা, সন্ত্রাস, ভয়ভীতি ও হুমকির ঘটনা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনি পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ২ ফেব্রুয়ারি কুমিল্লা-৪ আসনের দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এনসিপি প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মৃতপ্রায় অবস্থায় ফেলে যায়। একই দিন বিকেলে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর নির্বাচনি পোস্টার পুড়িয়ে দেওয়া হয়। এর আগের দিন, ১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার গোয়ালিমারা গ্রামে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক লুতফুর রহমান মামুনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। এছাড়া ২৯ জানুয়ারি নরসিংদী-২ আসনের আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাজারে এনসিপির নির্বাচনি ক্যাম্পে অতর্কিত হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এনসিপির অভিযোগে আরও বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় একটি পরিবারের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ছয়জনকে গুরুতর আহত করে।
সংবাদ সম্মেলনে দলটি দাবি করে, সহিংসতার পাশাপাশি দেশে ‘ভোট কেনাবেচার হাট’ বসেছে। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে অর্থ বিতরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন। জব্দ করা হিসাবের খাতায় কোন এলাকায়, কোন তারিখে কত টাকা বিতরণ করা হয়েছে—তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়।
এনসিপির নেতারা অভিযোগ করেন, বিএনপি একদিকে সন্ত্রাস ও ভোট কেনাবেচায় জড়িত, অন্যদিকে রাজনৈতিক দ্বিচারিতায় লিপ্ত। মনিরা শারমিন বলেন, পটুয়াখালীর বাউফলে বিএনপি ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। সেখানে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ‘না ভোট মানে স্বাধীনতার পক্ষে’ বলে মন্তব্য করেছেন। অথচ বিএনপি চেয়ারপারসন নিজে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ায় দলটির এই দ্বিমুখী আচরণ জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী প্রকাশ্যে বলেছেন—আওয়ামী লীগসহ সবাইকে নিয়ে নির্বাচন হওয়া উচিত এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে গ্রহণযোগ্যতা থাকবে না। এই বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থানের অস্পষ্টতা ও সুবিধাবাদিতার প্রমাণ।
এছাড়া ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব ও তথ্য গোপনের বিষয়টি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হলেও প্রমাণ থাকা সত্ত্বেও তার প্রার্থিতা বহাল রাখা হয়েছে বলে অভিযোগ করেন মনিরা শারমিন।
লিখিত বক্তব্যে এনসিপি জানায়, এই পরিস্থিতি কোনোভাবেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ নয়। দলটি অবিলম্বে বিএনপির সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, সব হামলার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং সহিংসতা ও ভোট কেনাবেচার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম, নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম, দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনসহ অন্যান্য নেতারা।