বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটার নিবন্ধনের আবেদন করার পর কমিশনের পক্ষ থেকে পাঠানো বার্তা বা যোগাযোগের জবাব সাত দিনের মধ্যে না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) উপ-পরিচালক মোহাম্মদ আল-মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ […]
ছবি: সংগৃহীত
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটার নিবন্ধনের আবেদন করার পর কমিশনের পক্ষ থেকে পাঠানো বার্তা বা যোগাযোগের জবাব সাত দিনের মধ্যে না দিলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি উইং) উপ-পরিচালক মোহাম্মদ আল-মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা আবেদনকারীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করবেন।
ফোনে যোগাযোগ সম্ভব না হলে আবেদনকারীর মোবাইলে এসএমএস পাঠানো হবে। এসএমএস পাঠানোর পরও যদি সাত দিনের মধ্যে কোনো সাড়া না পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা সিএমএস (CMS) অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন বাতিলের বার্তা পাঠাবেন। এরপর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বর্তমানে বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে ১৪টি দেশের ২৪টি বাংলাদেশি মিশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চালু রয়েছে।
এসব দেশ হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকা।
এ ছাড়া সুইডেন, বাহরাইন, সিঙ্গাপুর, নরওয়ে ও ফিনল্যান্ডে শিগগিরই এ কার্যক্রম চালু করার প্রস্তুতি চলছে।
সূত্র: নির্বাচন কমিশন (ইসি)